তামান্না খান, কলকাতাঃ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ছোট ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকার অভাবে শুরু করতে পারছেন না? তাহলে কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) আপনার জন্য কাজে আসতে পারে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। হাত ও যন্ত্র ব্যবহার করে কাজ করা কারিগরদের আর্থিক সাহায্য করার পাশাপাশি তাঁদের দক্ষতা বাড়ানো এবং বাজারের সঙ্গে যুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর আওতায় প্রশিক্ষণ, টুলকিট কেনার জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল লেনদেনে উৎসাহ এবং সহজ শর্তে ঋণের মতো বিভিন্ন সুবিধা দেওয়া হয়।
পিএম বিশ্বকর্মা যোজনা কারা পাবেন এই সুবিধা?
এই প্রকল্পের আওতায় মোট ১৮ ধরনের ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত কারিগরদের রাখা হয়েছে। ছুতোর, নৌকা প্রস্তুতকারী, কামার, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, চর্মকার, রাজমিস্ত্রি, ঝুড়ি বা মাদুর প্রস্তুতকারী, প্রথাগত খেলনা প্রস্তুতকারী, তালাচাবি মিস্ত্রি, নাপিত, মালাকার, ধোপা, দর্জি এবং মাছ ধরার জাল প্রস্তুতকারীরা এই তালিকার মধ্যে রয়েছেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট পেশায় কাজ করার দক্ষতা থাকতে হবে। যোগ্য কারিগরদের প্রথমে PM Vishwakarma Certificate এবং ID Card দেওয়া হয়, যার মাধ্যমে তাঁরা সরকারি স্বীকৃতি পান।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, শেষ মুহূর্তে বাদ পড়ল এই উপভোক্তাদের নাম
যোগ্য কারিগরদের দক্ষতা যাচাই করার পর প্রথমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রাথমিক প্রশিক্ষণ সাধারণত ৫ থেকে ৭ দিনের হয় এবং প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার, ডিজিটাল পেমেন্ট, বিপণন এবং ব্যবসা পরিচালনার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত টুলকিট ইনসেন্টিভ পাওয়া যায়। প্রশিক্ষণ শেষ হলে প্রথম ধাপে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণ করলে দ্বিতীয় ধাপে আরও ঋণ পাওয়ার সুযোগ মিলতে পারে।
কীভাবে করবেন আবেদন?
আবেদনের জন্য পিএম বিশ্বকর্মা (PM Vishwakarma Portal) পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি আধারভিত্তিক পরিচয় যাচাই এবং মোবাইল নম্বর ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আবেদন যাচাই ও অনুমোদনের পর PM Vishwakarma Certificate এবং ID Card পাওয়া যায়। এরপর যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ, টুলকিট ইনসেন্টিভ, ঋণ বা অন্যান্য সুবিধার জন্য পরবর্তী ধাপে পৌঁছানো যায়। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের MSME মন্ত্রকের অধীনে বাস্তবায়িত হচ্ছে। অর্থের অভাবে পিছিয়ে থাকা দক্ষতা সম্পন্ন কারিগরদের সাহায্য করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
