তামান্না খান, কলকাতাঃ বন্যা, শিলাবৃষ্টি কিংবা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে কৃষকদের আর বিমার জন্য কাগজপত্র হাতে নিয়ে বিভিন্ন সরকারি দফতরে ছুটতে হবে না। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)-র আওতায় এবার ফোনের মাধ্যমেই বীমার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই স্মার্টফোনে Crop Insurance অ্যাপ ব্যবহার করে ফসল বিমার জন্য নাম নথিভুক্ত করা যাবে। এই সুবিধা পেতে কৃষকদের মাত্র ১ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। তবে আবেদনের ক্ষেত্রে সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কৃষকরা।
রেজিস্ট্রেশন করতে গেলে জমা দিতে হবে কোন কোন তথ্য?
আবেদন করতে প্রথমে মোবাইলের Play Store থেকে Crop Insurance অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর অ্যাপ খুলে ‘Login’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করার পর নিজের নাম, আধার নম্বর, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। জমি নিজের নামে থাকলে ‘Farmer Type’ হিসেবে ‘Owner’ নির্বাচন করতে হবে। এরপর ঠিকানা, জেলা, ব্লক ও গ্রামের তথ্য দেওয়ার পাশাপাশি নমিনি এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও যুক্ত করতে হবে। সবশেষে IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে দেওয়ার পর OTP-এর মাধ্যমে আরও একবার তথ্য যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুনঃ ‘রাম’ নামেই আর বিক্রি করা যাবে না? FSSAI-এর আপত্তিতে আইনি জটিলতা
এরপর অ্যাপের PMFBY ইন্সুরেন্স বিভাগে গিয়ে রাজ্য, মরশুম ও বছর নির্বাচন করতে হবে। জমিটি যে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও মৌজায় রয়েছে, সেই তথ্য দিতে হবে। পাশাপাশি ফসলের ধরন, ফসলের নাম এবং রোপণের তারিখ এই সমস্ত কিছু উল্লেখ করতে হবে। খাতা নম্বর এবং প্লট নম্বরও দিতে হবে। এগুলি দেওয়ার সময় কোন রকম ভুল করলে চলবে না। একাধিক দাগ নম্বর থাকলে কমা দিয়ে সেগুলি লিখতে হবে। সব তথ্য জমা দেওয়ার পর জমির পরিমাণ এবং সম্ভাব্য বিমার অঙ্ক অ্যাপেই দেখাবে।
মাত্র ১ টাকায় ফসল বিমা
আবেদনের শেষ ধাপে ব্যাংক পাসবুকের প্রথম পাতার একটি পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে। জমির পরচা ও সোয়িং সার্টিফিকেট থাকলে সেগুলিও জমা দিতে পারেন, তবে এগুলি ঐচ্ছিক, তাই না দিলেও আবেদন করতে কোনও সমস্যা হবে না। সব তথ্য ভালোভাবে যাচাই করে ‘Proceed for Payment’ অপশনে গিয়ে UPI QR-এর মাধ্যমে মাত্র ১ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হলে PDF আকারে রসিদ পাওয়া যাবে, সেটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। এই প্রকল্পে মাত্র ১ টাকা প্রিমিয়াম দিয়ে সর্বোচ্চ ১৩,৭৯৩ টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। তাই এই সুবিধা নিতে আগ্রহী কৃষকদের ১৫ সেপ্টেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
