সাদিকুল খান, কলকাতাঃ ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হল কলকাতা পুলিশের বিশেষ দল। প্রাথমিক সূত্রের খবর, তৃণমূল সাংসদের পটুয়াপাড়ার বাড়িতে পুনরায় নোটিশ দিতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। এর আগে বুধবার শেক্সপিয়ার সরণি থানার আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে কেউ নোটিশ গ্রহণ করেননি বলে জানা যায়। একইভাবে, আজ পটুয়াপাড়ার বাড়িতেও নোটিশ গ্রহণ করার মতো কাউকে দেখা যায়নি। ফলে বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের।
ফের অভিষেকের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটের তৃণমূলের পার্টি অফিসের বিলবোর্ড কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দিতে পৌঁছল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কলকাতা পুরসভার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই রবিবার তৃণমূল সাংসদের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা বলে জানা গিয়েছে। পুরসভার অভিযোগ, বিলবোর্ড খুলতে গিয়ে পুলিশ ও পুরকর্মীদের হেনস্থার মুখে পড়তে হয়েছিল, এমনকি কয়েকজন আক্রান্তও হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার তদন্তের অংশ হিসেবেই অভিষেককে নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে নোটিশ দিতে তাঁর বাড়িতে গেলেও তাঁকে সেখানে পাওয়া যায়নি বলে জানা যায়। ফলে সেদিন ফিরে যেতে হয়েছিল পুলিশকে। এরপর রবিবার ফের তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।
এর আগে গত বুধবার, ৭ অক্টোবর, একই ঘটনার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেদিন ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক দিল্লিতে গিয়েছিলেন বলে জানা যায়। ফলে তাঁকে নোটিশ দিতে না পেরে ফিরে যেতে হয় পুলিশ আধিকারিকদের। অন্যদিকে, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে সংশ্লিষ্ট দফতর খালি করার নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি, দমকল দফতরের তরফেও নোটিশ পাঠানো হয়।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সিটি সিভিল কোর্টকে বুধবার সময়সীমা বেঁধে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছিল যে, এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই নিম্ন আদালতেই হবে শুনানি। পুজোর ছুটি শেষ হলে ১৫ দিনের মধ্যেই সম্পত্তি খালি করার নোটিশকে কেন্দ্র করে দেওয়া মামলা নিষ্পত্তি করতে হবে। তার আগেই নোটিশ দিতে কালীঘাটের বাড়িতে পৌঁছল পুলিশ।
