কুসুম দাস, কলকাতা: শুধু ভাতের সঙ্গে ঝোল বা ঝাল নয়, মাছ দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মুখরোচক ভাজাভুজিও। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চপ কিংবা কাটলেটের মতো জনপ্রিয় পদে সাধারণত ভেটকি মাছ ব্যবহার করা হলেও, চাইলে পোনা মাছ দিয়েও এই ধরনের পদ তৈরি করতে পারেন। পোনা মাছ দিয়ে তৈরি ভাজাভুজির স্বাদও বেশ মজাদার হয় এবং সঠিকভাবে মশলা মাখিয়ে রান্না করলে তা হয়ে উঠতে পারে একেবারে জমজমাট।
পোনা মাছের চপ রেসিপি
রোজ ইলিশ বা ভেটকি না থাকলেও কাটাপোনা বাঙালি রান্নাঘরের অতি পরিচিত মাছ। প্রতিদিনের একঘেয়ে ঝোল-ঝাল খেতে খেতে বিরক্ত লাগলে এই পোনা মাছ দিয়েই বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মাছের চপ। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম ও মশলাদার এই চপ বিকেলের জলখাবার হিসেবে যেমন জমে যাবে, তেমনই পরিবারের ছোট-বড় সবার মনও জয় করবে। রইল সহজ রেসিপি।
মাছের চপ তৈরির উপকরণ
- কাতলা বা রুই মাছের পেটির পিস – প্রয়োজনমতো
- আলু – সেদ্ধ করা
- পেঁয়াজ – কুচি করা
- আদা-রসুন বাটা – পরিমাণমতো
- কাঁচা লঙ্কা – বাটা
- জিরে গুঁড়ো – পরিমাণমতো
- বেসন – প্রয়োজনমতো
- বিস্কুটের গুঁড়ো – চপ কোট করার জন্য
- নুন – স্বাদ অনুযায়ী
- তেল – ভাজার জন্য
মাছের চপের প্রণালী
প্রথমে কাতলা বা রুই মাছের পেটির টুকরোগুলি হালকা করে ভেজে নিন। এরপর মাছের কাঁটা ভালোভাবে বেছে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে মাছ মেখে নিন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে তাতে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এর মধ্যে আলু ও মাছের মিশ্রণ এবং স্বাদমতো নুন দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে হাতে করে পছন্দমতো চপের আকার দিন। অন্যদিকে, একটি পাত্রে বেসন সামান্য জল দিয়ে গুলে নিন। তৈরি করা চপগুলি প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে পরে বিস্কুটের গুঁড়োয় ভালোভাবে কোট করে নিন। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে চপগুলি একে একে ডুবো তেলে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। গরম গরম মাছের চপ কাসুন্দি ও স্যালাডের সঙ্গে পরিবেশন করুন।
