নিরামিষে নতুন স্বাদ, পটল ঘি রোস্ট বানানোর সহজ পদ্ধতি জেনে নিন

-

নিরামিষের দিনে কী রান্না করবেন, তা নিয়ে অনেক বাড়িতেই চিন্তা থাকে। প্রতিদিন একই ধরনের রান্না খেতে খেতে একঘেয়েমিও চলে আসে। তাই আজ আপনাদের জন্য রইল একেবারে অন্যরকম স্বাদের পটল রোস্ট। সাধারণত রোস্ট বলতে মাংসের পদই বেশি পরিচিত, তবে এই নিরামিষ পটল রোস্টও স্বাদে কোনও অংশে কম নয়। সহজ কিছু উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই পদ। গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করলে সবাই আঙুল চেটে খাবে। চলুন জেনে নেওয়া যাক পটল রোস্ট তৈরির সম্পূর্ণ রেসিপি।

উপকরণ

সুস্বাদু পটল ঘি রোস্ট তৈরি করতে লাগবে কয়েকটি সহজ উপকরণ। এগুলি হল— পটল, ঘি, সাদা জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেস্তা, কাজু, চালমগজ, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টক দই, গরম মশলা গুঁড়ো এবং পরিমাণমতো সর্ষের তেল। এই সব উপকরণ একসঙ্গে থাকলেই খুব সহজে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু নিরামিষ পটল ঘি রোস্ট।

- Advertisement -

রান্নার পদ্ধতি

পটল ঘি রোস্ট বানাতে প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুই প্রান্ত সামান্য কেটে নিন। এরপর নুন ও হলুদ মাখিয়ে ২-৩ মিনিট ঢেকে রেখে দিন। এবার একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেলের সঙ্গে একটু ঘি গরম করে পটলগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে আলাদা করে তুলে রাখুন। একই কড়াইয়ে সাদা জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি ও পেস্তা দিয়ে ফোড়ন দিন। এরপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কাজু ও চালমগজ দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। সব উপকরণ ভালোভাবে নরম হয়ে গেলে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে আগে তৈরি করা মসলার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিন। এরপর স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে প্রায় ৫-৬ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিন। গ্রেভি তৈরি হয়ে গেলে আগে ভেজে রাখা পটলগুলো কড়াইয়ে দিয়ে ৭-৮ মিনিট ঢেকে রান্না করুন, যাতে পটলের মধ্যে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। শেষে সামান্য গরম মশলা গুঁড়ো ও এক চামচ ঘি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পটল ঘি রোস্ট, যা গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News