সাদিকুল খান, কলকাতাঃ ঘাঘরা জলপ্রপাত থেকে অবশেষে প্রীতি দত্তের দেহ উদ্ধার করা গেল। শনিবার দুপুরে সাত বছরের ছেলে প্রিয়ঙ্কনকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়েছিলেন তিনি। ছেলেকে উদ্ধার করা সম্ভব হলেও প্রবল স্রোতে তলিয়ে যান প্রীতি। শনিবার রাত থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। রবিবার সকাল থেকে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা জোরকদমে উদ্ধারকাজ শুরু করেন। পশ্চিম মেদিনীপুর থেকেও ডুবুরি দল আনা হয়েছিল। দিনভর তল্লাশি চালানোর পর রবিবার সন্ধ্যায় ঘাঘরা জলপ্রপাতের পাথরের খাঁজ থেকে প্রীতির দেহের সন্ধান পাওয়া যায়।
বেলপাহাড়ির অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ঘাগড়া জলপ্রপাত। তারাফেনী নদীর জল ঘাগড়া গ্রামের পাথুরে চাটানের উপর দিয়ে প্রবাহিত হয়ে নীচে পড়েছে। নদীতে জলের তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ চালাতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। শনিবার কলকাতার একটি পর্যটক দলের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা রাজদীপ দত্ত, তাঁর স্ত্রী প্রীতি এবং তাঁদের সাত বছরের ছেলে প্রিয়ঙ্কন ঘাগড়া জলপ্রপাত দেখতে এসেছিলেন।
দুপুরের দিকে পাথরের চাটানে বসে ছিলেন পর্যটকদের দলটি। সেই সময় কয়েকজন পর্যটক ছবি তুলছিলেন। আচমকাই জলে পড়ে যায় সাত বছরের প্রিয়ঙ্কন। ছেলেকে বাঁচাতে প্রথমে জলে ঝাঁপ দেন মা প্রীতি। ছেলেকে স্রোতে ভেসে যেতে দেখে রাজদীপও জলে নেমে পড়েন। শেষ পর্যন্ত প্রিয়ঙ্কনকে উদ্ধার করা সম্ভব হলেও প্রবল স্রোতে তলিয়ে যান প্রীতি। এরপর শনিবার রাতভর আলো জ্বালিয়ে তাঁর খোঁজে উদ্ধারকাজ চালানো হয়। রবিবার সকাল থেকে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা জোরকদমে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর রবিবার সন্ধ্যায় অবশেষে পাথরের খাঁজ থেকে প্রীতির দেহ উদ্ধার করা হয়।
ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মধুসূদন কর্মকার জানান, প্রীতির দেহ উদ্ধারের খবর তাঁরা পেয়েছেন। ঘাগড়া জলপ্রপাতের মতো পর্যটনস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। বিনপুরের বিধায়ক প্রণত টুড জানান, দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামী দিনে এমন ঘটনা রুখতে জলপ্রপাতের কিছুটা অংশ রেলিং দিয়ে ঘিরে দেওয়া, সতর্কতামূলক বোর্ড লাগানো এবং পর্যটকদের সচেতন করতে মাইকিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
