সাদিকুল খান, কলকাতাঃ আর্থিক পরিস্থিতির অবনতির জেরে এবার পুদুচেরি সমবায় ব্যাঙ্কের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নির্দেশিকা অনুযায়ী, এই ব্যাঙ্কের গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা তুলতে পারবেন। বুধবার একটি বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা যাচ্ছে, আগামী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে এই বিধিনিষেধ। ফলে এই সময়ের মধ্যে ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে।
5,000 টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা
রিজার্ভ ব্যাঙ্কের জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পুদুচেরি সমবায় ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গোটা বিষয়টি পর্যালোচনা করেছিল RBI। কিন্তু তাতেও বিশেষ কোনও লাভ হয়নি। কেন্দ্রীয় ব্যাঙ্কের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও পুদুচেরি সমবায় ব্যাঙ্ক তাদের আর্থিক ও অন্যান্য সমস্যা সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ করেনি। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার ব্যাঙ্কটির উপর একাধিক বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে RBI।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর প্রাসঙ্গিক ধারার অধীনেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে। পুদুচেরি সমবায় ব্যাঙ্কের বর্তমান নগদ তহবিলের পরিস্থিতি বিবেচনা করে আগামী ছয় মাসের জন্য গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫,০০০ টাকা নির্ধারণ করেছে RBI। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে ঋণের ক্ষেত্রে পরবর্তীতে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এক্ষেত্রে বলাই যায়, রিজার্ভ ব্যাঙ্ক নির্দিষ্ট বিধি নিষেধ আরোপ করায় একদিক থেকে যেমন গ্রাহকদের অর্থ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটিতে সুরক্ষিত থাকবে, ঠিক তেমনই নিজের অ্যাকাউন্ট থেকে 5,000 টাকার বেশি অর্থ তুলতে না পেরে বেশ খানিকটা সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। শুধু তাই নয়, বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন RBI টাকা উত্তোলনের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ায় বহু গ্রাহক সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানটিতে নিজেদের অ্যাকাউন্ট বন্ধও করে দিতে পারেন।
