কুসুম দাস, কলকাতাঃ পুজো আর বেশি দেরি নেই, কিন্তু এখনও শেষ হয়নি শপিংয়ের ব্যস্ততা। কেনাকাটার তাড়াহুড়োয় সপ্তাহভর ঠিকমতো ত্বকের যত্ন নেওয়াও হয়ে উঠছে না, ফলে মুখের স্বাভাবিক জেল্লা হারিয়ে যাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, পার্লারে না গিয়েও বাড়িতে সহজ কয়েকটি ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের যত্ন নিতে পারেন। পুজোর আগে ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে জেনে নিন ৩ ধরনের ঘরোয়া ফেসপ্যাক তৈরির পদ্ধতি, যা আপনার রূপচর্চার রুটিনে সহজেই জায়গা করে নিতে পারে।
কাঠবাদাম ও ওটস
মুখের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে কাঠবাদাম ও ওটস দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। প্রথমে কয়েকটি খোসা ছাড়ানো কাঠবাদাম ভালো করে বেটে নিন। এরপর তার সঙ্গে ওটসের গুঁড়ো ও সামান্য দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে জল দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। কাঠবাদাম, ওটস ও দই ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করতে পারে।
আলু-বেসনের ফেস প্যাক
ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন আলুর রস, বেসন ও হলুদ দিয়ে তৈরি ঘরোয়া ফেসপ্যাক। আলুর রসে থাকা বিভিন্ন উপাদান ত্বকের পরিচর্যায় কাজে লাগতে পারে। এই প্যাকটি তৈরি করতে একটি পাত্রে ২ চা চামচ আলুর রস, ১ চা চামচ বেসন ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার পরিষ্কার মুখে মিশ্রণটি লাগিয়ে ১০–১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন।
শসা ও মধুর প্যাক
শসা ও মধুর মিশ্রণ ত্বককে সতেজ ও কোমল রাখতে সাহায্য করতে পারে। এই ফেসপ্যাক তৈরি করতে প্রথমে অর্ধেক শসা মিক্সিতে ভালো করে বেটে নিন। এরপর তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার পরিষ্কার মুখে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। শসা ত্বকে শীতল অনুভূতি দেয় এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
