কুসুম দাস, কলকাতাঃ পুজো শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই সাজপোশাকের পাশাপাশি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতেও ব্যস্ত অনেকেই। তবে মেদ ঝরিয়ে ওজন কমানো একেবারেই সহজ নয়, এর জন্য নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। এই সময়ের ডায়েটে জায়গা করে নিতে পারে পুষ্টিকর কিনুয়া (Quinoa)। প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ এই খাবার পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ওজন কমানোর ডায়েটে কিনুয়া কীভাবে তৈরি করে খাওয়া যায়।
কিনুয়া রেসিপি উপকরণ
কিনুয়া তৈরি করতে লাগবে কিনুয়া, পনির, টমেটো, আলু, ক্যাপসিকাম, আদা, চিনাবাদাম, কাঁচা লঙ্কা, কাজুবাদাম, গোটা গোলমরিচ এবং সামান্য সাদা তেল।
কিনুয়া রেসিপি রান্নার পদ্ধতি
ভাত কার্বোহাইড্রেটের অন্যতম উৎস হলেও ওজন কমানোর চেষ্টা করলে অনেকেই ভাতের পরিমাণ কমিয়ে দেন। সেই ক্ষেত্রে খাবারে বৈচিত্র্য আনতে ভাতের বিকল্প হিসেবে কিনুয়া রাখা যেতে পারে। পুষ্টিকর এই খাবারটি কীভাবে সহজে রান্না করবেন, ধাপে ধাপে জেনে নিন।
- প্রথমে কিনুয়া ভালো করে জল দিয়ে ধুয়ে অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। অন্যদিকে পনির ছোট ছোট টুকরো করে কেটে নিন। আলু, টমেটো ও ক্যাপসিকামও কেটে রাখুন। আদা ছাড়িয়ে গ্রেট করে নিন।
- কড়াইয়ে সামান্য সাদা তেল গরম করে চিনাবাদাম হালকা ভেজে তুলে রাখুন। এরপর একই তেলে পনিরের টুকরোগুলি হালকা লাল করে ভেজে তুলে নিন। তারপর আলুর টুকরোগুলিও ভালো করে ভেজে রাখুন।
- ভেজানো কিনুয়া প্রেসার কুকারে প্রয়োজনমতো জল দিয়ে ২-৩টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এদিকে ঠান্ডা হয়ে আসা চিনাবাদাম ব্লেন্ডারে দিয়ে মোটামুটি মিহি করে বেটে নিন।
- এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে গ্রেট করা আদা ভেজে নিন। তার মধ্যে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা ও ৭-৮টি কাজুবাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। প্রয়োজনমতো সামান্য জল দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিন।
- মশলা কষানো হয়ে গেলে সেটি আলাদা করে তুলে রাখুন। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে গোটা গোলমরিচের ফোড়ন দিন। তার মধ্যে কষানো মশলা দিয়ে নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা আলু ও পনির দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এরপর সেদ্ধ কিনুয়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও ৭-৮ মিনিট রান্না করুন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে গরম গরম কিনুয়া পরিবেশন করুন।
