জানারুল খান, কলকাতাঃ ভারতের অন্যতম সফল ক্রিকেটার অজিঙ্কা রাহানে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বেশি দিন কাটেনি, এর মধ্যেই তাঁকে ঘিরে সামনে এল নতুন খবর। জানা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক রাহানে মহারাষ্ট্রের ইগতপুরিতে নিজের বিলাসবহুল ভিলা পর্যটকদের থাকার জন্য ভাড়া দিচ্ছেন। ভারতীয় এই তারকা আগেই জানিয়েছেন, ইগতপুরিতে তাঁর বিলাসবহুল হোমস্টে ‘রায়া এস্টেট’ এখন সাধারণ অতিথিদের জন্যও খুলে দেওয়া হয়েছে। তবে সেখানে এক রাত থাকতে গেলে খরচ করতে হবে বেশ মোটা অঙ্কের টাকা।
অজিঙ্কা রাহানের বিলাসবহুল ভিলা এবার পর্যটকদের জন্য খোলা
জানা গিয়েছে, মহারাষ্ট্রের ইগতপুরির পাহাড়ঘেরা মনোরম পরিবেশে নিজের পছন্দমতো করে ‘রায়া এস্টেট’ হোমস্টেটি সাজিয়েছিলেন রাহানে। স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই বিলাসবহুল ভিলাটি তৈরি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার। এবার সেই ব্যক্তিগত ঠিকানাই সাধারণ পর্যটকদের জন্য খুলে দিয়েছেন তিনি। ফলে পাহাড়ের শান্ত পরিবেশে রাহানের ভিলায় থাকার সুযোগ মিললেও তার জন্য গুনতে হবে নির্দিষ্ট ভাড়া।
ইগতপুরির রায়া এস্টেটে কী কী সুবিধা রয়েছে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রাধিকার সঙ্গে অজিঙ্কা রাহানে তাঁর বিলাসবহুল ভিলাটির একটি ভিডিও ট্যুর শেয়ার করেছিলেন। সেই ভিডিওতেই ভিলাটির অন্দরসজ্জা ও সুযোগ-সুবিধার ঝলক দেখা যায়। এখানে রয়েছে পাঁচটি কিং-সাইজ বেডরুম, যেখানে একসঙ্গে ১৫ জন অতিথি থাকতে পারবেন। এছাড়াও রয়েছে একাধিক ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, ইনফিনিটি পুল, ইন-হাউস বার, বাগান, গেজেবো এবং শিশুদের জন্য আলাদা প্লে এরিয়া। অতিথিদের আরামের কথা মাথায় রেখে লিভিং ও ডাইনিং স্পেসও আলাদা করে সাজানো হয়েছে।
তবে রাহানের এই ভিলার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের জন্য তৈরি বিশেষ ‘মেমোরাবিলিয়া রুম’। এই ঘরে সাজানো রয়েছে তাঁর ক্রিকেটজীবনের নানা স্মৃতি, ট্রফি ও বিভিন্ন স্মারক। রয়েছে রাহানের ব্যবহৃত পুরনো ব্যাট ও বল, বিভিন্ন ক্যাপ, ভারতীয় দলের পাশাপাশি অন্যান্য দলের জার্সি এবং একাধিক ক্রিকেট সরঞ্জাম। ফলে ক্রিকেটের সঙ্গে রাহানের দীর্ঘ যাত্রার নানা স্মৃতি কাছ থেকে দেখার সুযোগ মিলবে অতিথিদের। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের কাছে এই ঘরটি নিঃসন্দেহে হয়ে উঠতে পারে রায়া এস্টেটের অন্যতম আকর্ষণ।
ভাড়া কত?
জানা গিয়েছে, ভারতীয় তারকা অজিঙ্কা রাহানের বিলাসবহুল ভিলাটিতে থাকতে হলে StayVista-র মাধ্যমে এই ভিলাটি বুক করতে হবে গেস্টদের। সে ক্ষেত্রে প্রতি রাতের জন্য ভাড়া পড়বে 71,438 টাকা করে। যেহেতু এই গোটা ভিলাটিতে 15 জন প্রাপ্তবয়স্ক থাকতে পারবেন ফলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদার বা বন্ধুদের নিয়ে হাউস পার্টি করার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিলাসবহুল বাড়ি বা ভিলাটি অত্যন্ত আদর্শ জায়গা হতে চলেছে। তবে ঠিক কোন কারণে এই ভিলাটি রাহানে ভাড়া দিচ্ছেন তা জানা যায়নি। তবে StayVista এর ওয়েবসাইটেই রাহানের ডিলার ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক তথ্য দেওয়া হয়েছে।
