সাদিকুল খান, কলকাতাঃ সুলতানপুরে একটি মানহানি মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। সোমবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। এই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস কর্মী ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনায় রাহুল গান্ধী সুরক্ষিত রয়েছেন বলে খবর।
কীভাবে ঘটে এই দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লখনউয়ের আমৌসি বিমানবন্দর থেকে সড়কপথে সুলতানপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৯১ কিলোমিটার মাইলফলকের কাছে পৌঁছতেই সামনে থাকা একটি বেসরকারি গাড়ি আচমকা ব্রেক কষে। এর জেরে পিছনে থাকা কনভয়ের কয়েকটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কনভয়ে থাকা কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা আহত হন বলে খবর। পরে পরিস্থিতি সামাল দিয়ে রাহুল গান্ধীর কনভয় ফের সুলতানপুর আদালতের উদ্দেশে রওনা দেয়।
সুলতানপুরে মানহানি মামলার রায়
২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি জনসভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। এই ঘটনায় সুলতানপুরের স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার, ২৬ অক্টোবর সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। শুনানিতে সশরীরে হাজির থাকার জন্যই লখনউ থেকে সুলতানপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে, তাঁর কনভয়ের গাড়িগুলির মধ্যে দুর্ঘটনার খবর সামনে আসায় আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।
