একটানা তীব্র গরমের পর অবশেষে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে দক্ষিণবঙ্গবাসীর জন্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসতে চলেছে কালবৈশাখী, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Today)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে, সোমবার থেকেই পরিস্থিতি কিছুটা বদলাতে দেখা যাচ্ছে। দক্ষিণা বাতাসের প্রভাবে গরমের তীব্রতাও কিছুটা কম অনুভূত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে আগের তুলনায় আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকলেও, হাওয়া অফিস সূত্রে জানা গেছে আজ থেকে ১ জুন পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এখন শুধু বৃষ্টির অপেক্ষা, আর কেমন থাকবে আজকের আবহাওয়া—সেই দিকেই নজর সকলের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে ইতিমধ্যে একটি বুলেটিন জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, আজ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির দাপট চলতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও মাত্রাতিরিক্ত গরম থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে, যেখানে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে বুধবারের আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে চলতে পারে ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের কথা বললে বুধবার কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। এছাড়া ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়।
