ঝলসে যাওয়া গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা বাংলার মানুষের। দীর্ঘদিন ধরেই সবাই অপেক্ষা করছিলেন কালবৈশাখী ও প্রাক-বর্ষার বৃষ্টির জন্য (Weather Today)। অবশেষে আজ বুধবার থেকেই আবহাওয়ার বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কাও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
আজ বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মিনি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। কলকাতাতেও সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যদিও দুপুর বা বিকেলের দিকে শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও অভ্যন্তরীণ ওড়িশা হয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। সেই সঙ্গে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের আরও কিছু অংশ ও আন্দামান সাগরের বাকি অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)
অন্যদিকে উত্তরবঙ্গেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স এলাকায় দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া (Weather Today)
বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। প্রবল কালবৈশাখী এবং বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
