সাদিকুল খান, কলকাতাঃ অযোধ্যার রাম মন্দির পেল প্রথম চিফ এগজিকিউটিভ অফিসার (CEO)। মন্দিরের অনুদান সংক্রান্ত চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরই পরিচালন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এবারই প্রথম রাম মন্দিরের জন্য আলাদা করে সিইও নিয়োগ করা হল। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্রকে রাম মন্দির ট্রাস্টের সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার এই প্রাক্তন শীর্ষকর্তা অপারেশন সিঁদুরের সময় ওয়েস্টার্ন কম্যান্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছিলেন। জানা গিয়েছে, পাঁচ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই জীতেন্দ্র মিশ্রকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নেওয়া হয়েছে। সিইও হিসেবে তিনি রাম মন্দিরের সামগ্রিক ব্যবস্থাপনার পাশাপাশি মন্দিরের আর্থিক লেনদেনের বিষয়গুলিও দেখভাল করবেন।
কে এই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র?
অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্র ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে তাঁর পড়াশোনা। পরবর্তীতে বেঙ্গালুরুর এয়ার ফোর্স পাইলট স্কুল থেকেও প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। এছাড়াও আমেরিকা ও ইংল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন জীতেন্দ্র মিশ্র। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনের পর চলতি বছরের মে মাসে বায়ুসেনা থেকে অবসর নেন তিনি। কর্মজীবনে তাঁর কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বিশিষ্ট সেবা মেডেলে সম্মানিত করা হয়েছে।
কীভাবে বাছাই করা হল?
রাম মন্দিরের সিইও পদের জন্য মোট ৫,৫৮৫ জন আবেদন করেছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বাধীন একটি প্যানেলের তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে ৬০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার পর বাছাই করা ১৬ জন প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। তাঁদের মধ্য থেকেই অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জীতেন্দ্র মিশ্রকে রাম মন্দির ট্রাস্টের সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজমেন্ট দক্ষতা, দূরদর্শিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার পরই তাঁর নিয়োগে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়।
নতুন নিয়োগ-
জীতেন্দ্র মিশ্র ছাড়াও আরও তিনজনকে রাম মন্দির ট্রাস্টে নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন মদন মোহন পাণ্ডে, মহেশ বাগচন্দকা এবং নির্মলা যাদব। প্রসঙ্গত, রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চম্পত রাই।
