সাদিকুল খান, কলকাতাঃ বড়সড় পদক্ষেপ নিতে চলেছে র্যাপিডো (Rapido)। রাইড-হেইলিং পরিষেবার পাশাপাশি এবার খাবার ডেলিভারি ব্যবসাতেও নিজেদের জায়গা শক্ত করতে চাইছে সংস্থাটি। বছরখানেক আগেই ‘Ownly’ নামে একটি আলাদা অ্যাপ চালু করেছে র্যাপিডো, যার মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রায় ২০ হাজার রেস্তোরাঁকে সঙ্গে নিয়ে পরিষেবা দিচ্ছে Ownly। এবার সেই পরিষেবা কলকাতাতেও চালু করার সম্ভাবনা রয়েছে বলে খবর।
কলকাতায় শুরু হতে পারে Rapido-র নতুন পরিষেবা
রিপোর্ট অনুযায়ী, এবার কলকাতাতেও নিজেদের ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Ownly-এর পরিষেবা শুরু করার প্রস্তুতি নিচ্ছে Rapido। চলতি বছরের দুর্গাপুজোর সময়ই কলকাতায় এই পরিষেবা চালু হতে পারে বলে জানা গিয়েছে। তবে Ownly-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ব্যবসায়িক মডেল। জানা যাচ্ছে, রেস্তোরাঁ থেকে প্রতিটি অর্ডারের উপর শতাংশের হিসাবে কমিশন নেওয়ার বদলে ভিন্ন মডেলে পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।
Ownly-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অ্যাপে খাবারের দাম রেস্তোরাঁয় যে দাম রাখা হয়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। অর্থাৎ প্ল্যাটফর্মের তরফে আলাদা করে অতিরিক্ত মার্কআপ যোগ করা হবে না। খাবার পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হবে Rapido-র বর্তমান রাইডার নেটওয়ার্কই। পাশাপাশি, National Restaurant Association of India (NRAI) এবং Rapido-র মধ্যে আগে হওয়া আলোচনার ভিত্তিতে জানা যাচ্ছে, সাধারণত চার কিলোমিটার বা তার কম দূরত্বের অর্ডারের ডেলিভারি খরচ রেস্তোরাঁ অংশীদারদেরই বহন করতে হতে পারে।
বেঙ্গালুরুতে রমরমিয়ে চলছে Ownly
বেঙ্গালুরুতে ইতিমধ্যেই একাধিক রেস্তোরাঁর সঙ্গে কাজ করে পরিষেবা দিচ্ছে Ownly। এবার কলকাতায় এই পরিষেবা চালু হলে Zomato এবং Swiggy-র পাশাপাশি খাবার অর্ডারের জন্য আরও একটি বিকল্প হাতে পাবেন শহরের মানুষ। Ownly-এর ব্যবসায়িক মডেলের অন্যতম বড় বৈশিষ্ট্য হল রেস্তোরাঁগুলির কাছ থেকে অর্ডারের উপর শতাংশভিত্তিক কমিশন না নেওয়ার পরিকল্পনা।
অর্ডারের মূল্য ১০০ টাকা বা তার কম হলে ডেলিভারি ফি হবে ১০ টাকা। তবে গ্রাহকদের মোট ২০ টাকা দিতে হবে। অর্ডারের মূল্য ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে হলে ডেলিভারি ফি হবে ২৫ টাকা, এর সঙ্গে নির্দিষ্ট হারে জিএসটি যোগ হবে। এছাড়াও, ৪০০ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি ফি হিসেবে ৫০ টাকা দিতে হয়।
