জানারুল খান, কলকাতাঃ আপনিও যদি ডিজিটাল মাধ্যমে টাকা লেনদেন করতে পছন্দ করেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি এমন কোনও জায়গায় রয়েছেন যেখানে মোবাইলের ইন্টারনেট কাজ করছে না বা নেটওয়ার্ক একেবারেই নেই। অথচ সেই সময় কোনও দোকানদারকে ৫০০ টাকা পেমেন্ট করতে হবে। সাধারণভাবে ইন্টারনেট না থাকলে UPI বা অন্যান্য অনলাইন পেমেন্ট করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে এবার সেই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়ে এসেছে RBI। ‘HaRBInger’ প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল থেকেই ডিজিটাল পেমেন্ট করার সুযোগ পাওয়া যেতে পারে।
এবার ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমন একটি প্রযুক্তিকে উৎসাহিত করছে, যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াও ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, আরবিআই তার ‘হারবিঙ্গার ইনোভেশন চ্যালেঞ্জ’-এর মাধ্যমে এমন নতুন প্রযুক্তিকে উৎসাহিত করেছে, যা ইন্টারনেট সংযোগ নেই এমন স্থান ও পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্ট সক্ষম করবে। বর্তনামে অফলাইন ই-রুপি (eRupee) লেনদেনের মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে আরবিআই বলে খবর।
কীভাবে কাজ করবে প্রযুক্তিটি?
RBI-এর HaRBInger উদ্যোগের মাধ্যমে এমন প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে, যার সাহায্যে ইন্টারনেট সংযোগ না থাকলেও ডিজিটাল পেমেন্ট করা সম্ভব হতে পারে। এর জন্য ব্লুটুথ এবং NFC-এর মতো প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। NFC বা ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’ এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে খুব কাছাকাছি থাকা দুটি ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান করা যায়। অন্যদিকে, ব্লুটুথের সাহায্যেও কাছাকাছি থাকা দুটি ডিভাইসের মধ্যে সংযোগ তৈরি করা সম্ভব। ফলে ভবিষ্যতে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই কাছাকাছি থাকা ডিভাইসের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।
e₹ কী?
e₹ বা ডিজিটাল রুপি হল RBI-এর জারি করা ডিজিটাল মুদ্রা। সহজভাবে বললে, এটি টাকারই একটি ডিজিটাল রূপ, যা ডিজিটাল মাধ্যমে লেনদেনের জন্য ব্যবহার করা যায়। ভবিষ্যতে অফলাইন পেমেন্টের প্রযুক্তি সফলভাবে চালু হলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ডিজিটাল রুপির মাধ্যমে লেনদেন করা সম্ভব হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেটের সমস্যা রয়েছে, সেখানে এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্য বেশ কাজে আসতে পারে।
