গরমকালে অনেকেরই খাওয়ার ইচ্ছে কমে যায় বা মুখে অরুচি দেখা দেয়। এই সময় বাড়িতে মা-ঠাকুমারা শরীর ঠান্ডা রাখা ও খাবারে রুচি ফেরাতে নানা ধরনের তেতো পদ রান্না করেন। তবে সাধারণ তেতো রান্না অনেকেই পছন্দ করেন না। তাই স্বাদে একটু বদল আনতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নিমের ঝোল। তেতো হলেও সঠিক উপায়ে রান্না করলে এই পদ খেতে দারুণ লাগে এবং গরমের দিনে ভাতের সঙ্গে বেশ জমে যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই বিশেষ রেসিপি।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু নিমের ঝোল
ঘরে ঘরে এখন সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। এই সময়ে খাদ্যতালিকায় হালকা ও সহজপাচ্য খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অনেকেই তেতো খাবারও নিয়মিত খাওয়ার কথা বলেন। তাই উচ্ছে, করলা বা নিমপাতা ভাজা অনেকেরই পাতে জায়গা করে নেয়। তবে একই স্বাদের খাবার খেতে যদি একঘেয়েমি লাগে, তাহলে একটু অন্যরকম কিছু ট্রাই করতে পারেন। গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন সুস্বাদু নিমের ঝোল— স্বাদে আলাদা, আবার খেতেও বেশ হালকা।
উপকরণ:
সুস্বাদু নিমের ঝোল তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল— ১টি নিমের আঁটি, ২ টেবিল চামচ সাদা তেল, ৮–১০টি বড়ি, ১ চা চামচ কালো জিরে, ১টি আলু (লম্বা করে কাটা), ১টি রাঙাআলু (লম্বা করে কাটা), ৪–৫টি সজনে ডাঁটা, ১ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন ও চিনি। এছাড়াও ঝোলের স্বাদ ও ঘনত্ব ঠিক রাখতে লাগবে ১ টেবিল চামচ আটা এবং আধ কাপ দুধ। এই সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যাবে হালকা স্বাদের ঘরোয়া নিমের ঝোল।
প্রণালী
নিমের ঝোল বানাতে প্রথমে কড়াইতে তেল গরম করে নিমপাতাগুলো মুচমুচে করে ভেজে তুলে রাখতে হবে। এরপর একই কড়াইতে আরও সামান্য তেল দিয়ে বড়িগুলো লালচে করে ভেজে নিন। তারপর তেলে কালোজিরে ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলু ও রাঙাআলু ভালোভাবে ভেজে নিতে হবে। সবজি হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে সজনে ডাঁটা, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর পরিমাণমতো গরম জল দিয়ে আলু ও সজনে ডাঁটা সেদ্ধ হতে দিন এবং সামান্য চিনি যোগ করুন। ঝোল ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা বড়ি ও নিমপাতা দিয়ে হালকা করে মিশিয়ে নিন। সবশেষে এক চামচ আটা আধ কাপ দুধের সঙ্গে ভালোভাবে গুলে ঝোলে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই নিমের ঝোল গরমের দিনে একদম জমে যাবে।
