ভারতের বিভিন্ন বেসরকারি স্কলারশিপের মধ্যে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অন্যতম জনপ্রিয়। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। নির্বাচিত পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, যা উচ্চশিক্ষার খরচ সামলাতে অনেকটাই সাহায্য করবে। প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী এই স্কলারশিপের সুবিধা পেয়ে নিজেদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পান। চলতি শিক্ষাবর্ষের পাস-আউট শিক্ষার্থীদের জন্য সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাদের অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট অথবা Buddy4Study পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তবে আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদনের পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন শুরু
| স্কলারশিপের নাম | রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। |
| প্রদানকারী সংস্থা | রিলায়েন্স ফাউন্ডেশন। |
| কারা পাবে | স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) শিক্ষার্থীরা। |
| বৃত্তির পরিমাণ | সর্বোচ্চ ৬,০০,০০০ টাকা পর্যন্ত। |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.reliancefoundation.org |
Reliance Foundation Scholarship 2026 27
আন্ডারগ্র্যাজুয়েট (UG) স্কলারশিপ
রিলায়েন্স ফাউন্ডেশনের UG স্কলারশিপের জন্য আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে বর্তমানে যেকোনও শাখায় নিয়মিত স্নাতক কোর্সের প্রথম বর্ষে পড়াশোনা করতে হবে। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত পড়ুয়ারা সম্পূর্ণ কোর্সের মেয়াদে মোট সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। প্রতি বছর প্রায় ৫,০০০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তির জন্য নির্বাচন করা হয়।
পোস্টগ্র্যাজুয়েট (PG) স্কলারশিপ
রিলায়েন্স ফাউন্ডেশনের PG স্কলারশিপের জন্য আবেদন করতে হলে গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষায় ১০০০-এর মধ্যে ন্যূনতম ৫৫০ নম্বর পেতে হবে। পাশাপাশি আবেদনকারীকে নির্দিষ্ট কিছু বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিষয়ে নিয়মিত স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষে পড়াশোনা করতে হবে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, রিনিউয়েবল এনার্জি, মেটেরিয়াল সায়েন্স এবং লাইফ সায়েন্সের মতো বিষয় রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোট ৬ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। দেশজুড়ে প্রায় ১০০ জন মেধাবী ও যোগ্য শিক্ষার্থীকে এই স্কলারশিপের জন্য বেছে নেওয়া হয়।
প্রয়োজনীয় নথিপত্র
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথির স্ক্যান কপি আপলোড করতে হবে। এর মধ্যে প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট প্রয়োজন হবে। PG স্কলারশিপের ক্ষেত্রে স্নাতক পরীক্ষার মার্কশিটও জমা দিতে হবে। এছাড়াও বর্তমানে যে কলেজে পড়াশোনা করছেন, সেখানে ভর্তির প্রমাণপত্র, পরিবারের বার্ষিক আয়ের সরকারি সার্টিফিকেট এবং আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও পাসবুকের প্রথম পাতার কপি প্রস্তুত রাখতে হবে। আবেদন করার আগে সব নথি সঠিক ও পরিষ্কারভাবে স্ক্যান করে রাখলে অনলাইন ফর্ম জমা দেওয়ার সময় কোনও সমস্যা হবে না।
Reliance Foundation Scholarship Apply Online
- রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা পার্টনার পোর্টাল Buddy4Study-এর পেজে যান।
- ‘Apply Now’ বোতামে ক্লিক করে রেজিস্টার করুন।
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন।
- Terms and conditions এ চেক করে আবেদনপত্রটি পুনরায় যাচাই করুন এবং ‘Submit‘ অপশনে ক্লিক করুন।
নির্বাচন প্রক্রিয়া
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের জন্য আবেদন করার পর প্রথমে ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফল ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হয়। এরপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের একটি অনলাইন অ্যাপ্টিটিউড টেস্ট দিতে হয়, যেখানে সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং, গণিত এবং ইংরেজি বিষয়ের বিভিন্ন প্রশ্ন থাকে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ধাপের জন্য প্রার্থীদের বাছাই করা হয়। তবে PG স্কলারশিপের ক্ষেত্রে এর সঙ্গে আরও একটি ধাপ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের বিশেষজ্ঞ প্যানেলের সামনে অনলাইন ইন্টারভিউ দিতে হয় এবং সেই ইন্টারভিউয়ের পারফরম্যান্সও চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Reliance Foundation Scholarship Last Date 2026
চলতি বছরের রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী পড়ুয়াদের জন্য আগামী ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। তাই যারা এই স্কলারশিপের যোগ্য, তাদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে নেওয়া ভালো। আবেদন করার আগে সমস্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, সেটিও অবশ্যই যাচাই করে নিতে হবে।
