ফুটবল প্রেমী ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় চমক নিয়ে এলেন রোনাল্ডিনহো (Ronaldinho)। ফিফা বিশ্বকাপের উত্তেজনার মাঝেই তিনি জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছেন। শেষ পেশাদার ম্যাচ খেলার এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও, ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফের ফুটবল খেলতে নামার সিদ্ধান্ত ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক সময়ের সেই দুর্দান্ত স্কিল, অসাধারণ ড্রিবলিং আর সাম্বা ফুটবলের জাদু ফের দেখার অপেক্ষায় ভক্তরা। বয়স নিয়ে প্রশ্ন উঠলেও ব্রাজিলের বিশ্বজয়ী এই তারকা আবারও প্রমাণ করলেন—ফুটবলের প্রতি ভালোবাসার কোনও বয়স হয় না।
রোনাল্ডিনহে যোগ দিচ্ছেন ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেনাতে। বার্সেলোনার প্রাক্তন এই মহাতারকার এমন নাটকীয় প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। আগামী ২৩ জুন মিয়ামিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে ক্লাবের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। বয়স বাড়লেও ফের মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রোনাল্ডিনহো।
শোনা যাচ্ছিল, কোচ আন্দ্রেয়া মান্দোরলিনির অধীনে রাভেনা ক্লাবে রোনাল্ডিনহোর ভূমিকা শুধুমাত্র প্রচার ও বিপণন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে ইতালির ফুটবলে দাপট দেখানো এই ব্রাজিলিয়ান তারকার বয়স এখন ৪৬ হওয়ায় অনেকেই মনে করেছিলেন, মাঠে নামার সম্ভাবনা খুবই কম। ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদাও প্রথমদিকে জানিয়েছিলেন, রোনাল্ডিনহো মূলত মার্কেটিং ইভেন্ট ও ক্লাবের প্রচারমূলক কাজে যুক্ত থাকবেন, সিরি সি-র ম্যাচে খেলার কোনও পরিকল্পনা নেই।
তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। পরে সুর বদলে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা নিজেই ইঙ্গিত দেন যে রোনাল্ডিনহোর মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁকে ‘এভারগ্রিন চ্যাম্পিয়ন’ বলে উল্লেখ করে ব্রাইদা জানান, রাভেনার মতো একটি ক্লাবের জন্য এই চুক্তি ঐতিহাসিক হতে পারে। তাঁর কথায়, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় রোনাল্ডিনহো কতটা বা আদৌ খেলবেন কি না, তবে ফুটবল পায়ে তাঁকে মাঠে দেখা যাওয়ার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে শেষবার পেশাদার ম্যাচ খেলেছিলেন সাবেক ব্যালন ডি’অর জয়ী এই জাদুকর। এরপর থেকে কেবল বিভিন্ন প্রদর্শনী ও লিজেন্ডস ম্যাচেই তার দেখা মিলত। তবে ক্লাবে নিজের ভূমিকা নিয়ে ধোঁয়াশা থাকলেও, বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা রাভেনাতে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত।
