সাদিকুল খান, কলকাতাঃ বাসের পারমিট করিয়ে দেওয়ার নাম করে ৯০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন রাজ্য পরিবহণ দফতরের এক আঞ্চলিক আধিকারিক এবং এক দালাল। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের দুর্নীতিদমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাঁদের গ্রেফতার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ দফতরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কোন কারণে গ্রেফতার?
পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখা সূত্রে জানা গিয়েছে, এসটিএ-র অধীনে থাকা একটি বাসের পারমিট নবীকরণ ও পরিবর্তনের জন্য আবেদনকারীর কাছে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন সংশ্লিষ্ট আঞ্চলিক আধিকারিক। পরে দর কষাকষির মাধ্যমে সেই টাকার পরিমাণ কমিয়ে ৯০ হাজার টাকা করা হয়। তবে ঘুষ দিতে রাজি না হয়ে ওই ব্যক্তি সরাসরি পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিক ও এক দালালকে গ্রেফতার করা হয়।
অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত আধিকারিককে হাতেনাতে ধরার পরিকল্পনা করেন পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার তদন্তকারীরা। সেই মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযোগকারীর কাছ থেকে ৯০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময়ই ওই আধিকারিককে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনায় তাঁর সহযোগী এক দালালকেও গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার পিছনে কোনও বড় দুর্নীতিচক্র কাজ করছে কি না, কিংবা এর সঙ্গে অন্য কোনও সরকারি আধিকারিকের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পশ্চিমবঙ্গ দুর্নীতিদমন শাখার তদন্তকারীরা। তদন্তের মাধ্যমে এই ঘটনায় আর কারও যোগসূত্র সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে। অন্যদিকে, সরকারি কাজের জন্য ঘুষ চাওয়ার অভিযোগে এই গ্রেফতারি প্রশাসনিক মহলেও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
