স্যামসাং খুব শীঘ্রই তাদের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ বাজারে আনতে চলেছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ইতিমধ্যেই নতুন সিরিজের একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেই টিজারে ইঙ্গিত মিলেছে, আসন্ন ফোল্ডেবল ফোনে থাকবে নতুন ধরনের ‘স্কোয়ার’ ডিজাইন, যা আগের বুক-স্টাইল Galaxy Fold মডেলগুলির তুলনায় আলাদা লুক ও ফর্ম ফ্যাক্টর নিয়ে আসতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের অধীনে Samsung Galaxy Z Fold 8 এবং Samsung Galaxy Z Fold 8 Wide লঞ্চ হতে পারে। টিজারে প্রকাশিত তথ্য এবং ফাঁস হওয়া স্পেসিফিকেশনের ভিত্তিতে ফোন দুটির সম্ভাব্য ডিজাইন ও ফিচার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের ডিসপ্লে ডিজাইন
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Samsung Galaxy Z Fold 8 Wide প্রচলিত বুক-স্টাইল ফোল্ডেবল ডিজাইনের বদলে আরও চওড়া ফর্ম ফ্যাক্টরে আসতে পারে। ফোনটি খুললে প্রায় ৪:৩ অ্যাসপেক্ট রেশিও পাওয়া যাবে, যা মাল্টিটাস্কিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারে। এতে ৭.৬ ইঞ্চির QHD+ রেজোলিউশনের Dynamic AMOLED 2X ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়াও, লিক অনুযায়ী ফোনটির ওজন হবে মাত্র ২০১ গ্রাম। ফোনটি ভাঁজ করা অবস্থায় এর পুরুত্ব হতে পারে ৯.৭ মিমি এবং খুললে মাত্র ৪.৫ মিমি। তুলনায়, Galaxy Z Fold7 খুললে প্রায় ৪.২ মিমি পুরু, ফলে নতুন মডেলটিও পাতলা ও প্রিমিয়াম ডিজাইন বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।
Galaxy Z Fold 8 ফোনটি কভার স্ক্রিনের সাইজ 5.5-ইঞ্চির হবে বলে জানা গেছে। এই ফোনটি বন্ধ বা ফোল্ড করার পর সেকেন্ডারি ডিসপ্লে পাওয়া যাবে। লিক অনুযায়ী ফোনে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্যামসাঙ ফোল্ড ফোনের কভার স্ক্রিনে অ্যাস্পেক্ট রেশিও 16:10 থাকবে বলে জানা গেছে।
Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের স্পেসিফিকেশন
পারফরম্যান্সের দিক থেকেও Samsung Galaxy Z Fold 8 Wide ফ্ল্যাগশিপ স্তরের অভিজ্ঞতা দিতে পারে। বিভিন্ন লিক অনুযায়ী, ফোনটিতে ৩ ন্যানোমিটার প্রসেসে তৈরি Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হতে পারে। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড ৩.৬৩GHz থেকে সর্বোচ্চ ৪.৬১GHz পর্যন্ত হতে পারে। এই চিপসেটটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এটি Qualcomm-এর পরবর্তী প্রজন্মের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসরগুলির একটি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে গেমিং, মাল্টিটাস্কিং এবং AI-ভিত্তিক ফিচারে ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
মেমরি ও স্টোরেজের ক্ষেত্রেও Samsung Galaxy Z Fold 8 Wide-কে প্রিমিয়াম কনফিগারেশনে আনা হতে পারে। লিক অনুযায়ী, ফোনটি ১২GB LPDDR5X RAM-সহ বাজারে আসবে, যা দ্রুত অ্যাপ লোডিং এবং স্মুথ মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা দেবে। স্টোরেজের জন্য ২৫৬GB, ৫১২GB এবং ১TB—এই তিনটি ভ্যারিয়েন্ট থাকতে পারে। এছাড়া কিছু নির্দিষ্ট বাজারে ১৬GB RAM-সহ একটি হাই-এন্ড ভ্যারিয়েন্টও লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেখানে ৫০MP Ultra Wide সেন্সর (f/1.9) এবং ৫০MP Wide সেন্সর (f/1.8) দেওয়া হতে পারে। সেলফির জন্য প্রাইমারি ফোল্ডিং ডিসপ্লে এবং কভার ডিসপ্লে—উভয় জায়গাতেই ১০MP (f/2.2) ফ্রন্ট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 8 Wide ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Samsung 5G ফোনে 45W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। আপাতত এইসব স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাই এইসব তথ্যকে এখনই সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না।
