স্মার্টফোনের বাজারে আবারও নতুন চমক নিয়ে আসছে স্যামসাং। সংস্থার জনপ্রিয় Galaxy M সিরিজে খুব শীঘ্রই যোগ হতে চলেছে নতুন Samsung Galaxy M47 5G, যার লঞ্চের দিন ঠিক হয়েছে আগামী ২৯ জুন। ইতিমধ্যেই সংস্থা ফোনটির কিছু গুরুত্বপূর্ণ ফিচারের ইঙ্গিত দিয়েছে। জানা যাচ্ছে, এই স্মার্টফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সেই সব ব্যবহারকারীদের কথা মাথায় রেখে যারা গেমিং, ভিডিও স্ট্রিমিং, একসঙ্গে একাধিক কাজ করা এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপকে গুরুত্ব দেন। ফলে মিড-রেঞ্জ সেগমেন্টে ফোনটি লঞ্চের আগেই বেশ আগ্রহ তৈরি করেছে।
শক্তিশালী পারফরমেন্সের জন্য Snapdragon প্রসেসর
Samsung Galaxy M47 5G-তে এবার ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সংস্থার দাবি, এই প্রসেসরের সঙ্গে LPDDR5X RAM যুক্ত থাকায় অ্যাপ ওপেন করা, মাল্টিটাস্কিং করা বা ভারী গেম চালানোর সময় আরও স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। বিশেষ করে যারা দীর্ঘ সময় গেম খেলেন বা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য আরও ভালো ও স্থিতিশীল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে।
বড় 6000mAh এর ব্যাটারি
Galaxy M47 5G-এর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি এবং চার্জিং ফিচার। ফোনটিতে 6000mAh ক্ষমতার বড় ব্যাটারি, যার সঙ্গে মিলবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও, এতে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলেও জানা গেছে। এই প্রযুক্তির ফলে গেম খেলার সময় ফোন ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নিতে পারবে।
ডিসপ্লে নিয়েও কোনও আপস নয়
ডিসপ্লের দিক থেকেও Samsung Galaxy M47 5G বেশ আকর্ষণীয় হতে চলেছে। ফোনটিতে দেওয়া হচ্ছে ৬.৭ ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 120Hz রিফ্রেশ রেট। এর ফলে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং ভিডিও দেখা বা গেম খেলার সময় ভিজুয়াল অভিজ্ঞতাও আরও উন্নত হবে। বড় ও উজ্জ্বল ডিসপ্লের কারণে সিনেমা দেখা থেকে শুরু করে দীর্ঘ সময় গেমিং—সব ক্ষেত্রেই আরামদায়ক ব্যবহার অভিজ্ঞতা পাওয়া যাবে ।
50MP ক্যামেরা সেটআপ
এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন ফিচার্স থাকবে। এমনকি 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। আর Nightography মোডও দেওয়া হবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 12MP HDR ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
