‘সবুজ সাথী’ এবার ‘সারথি’, আগামী শিক্ষাবর্ষে কোন ক্লাসের পড়ুয়ারা পাবে সাইকেল?

-

তামান্না খান, কলকাতাঃ রাজ্যে শুরু হচ্ছে পড়ুয়াদের সাইকেল দেওয়ার নতুন কর্মসূচি ‘সারথি’। ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫০৮ কোটি টাকা খরচ করে মোট ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার হাওড়া থেকে ‘সারথি’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকেই শুরু হবে সাইকেল বিতরণ। এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত পড়ুয়াদের হাতে ধাপে ধাপে সাইকেল তুলে দেওয়া হবে।

নতুন নাম ও নতুন লোগোর মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মসূচিকে আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে। পুরনো প্রকল্প বন্ধ না করে তার পরিষেবার গুণগত মান আরও বাড়ানোর উপর জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরই অংশ হিসেবে ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে এবং এই নামেই পড়ুয়াদের সাইকেল বিতরণ শুরু হয়েছে। এতদিন মূলত নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হলেও আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদেরও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাইকেলের মান আরও ভালো করতে ত্রি-স্তরীয় মান যাচাই ব্যবস্থা চালু করা হয়েছে।

- Advertisement -

রাজ্যে সাইকেল তৈরির পরিকাঠামো গড়ে তুলতেও একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা সাইকেল কারখানা তৈরি করবেন, তাঁদের জমি দেওয়ার পাশাপাশি সেই কারখানা থেকেই সাইকেল কেনার বিষয়টি চুক্তির মধ্যে রাখার পরিকল্পনার কথা জানানো হয়েছে। চুক্তিভিত্তিক জমি দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আরও বেশ কিছু ঘোষণা করা হয়েছে। ৮০০টি স্কুলে স্মার্ট স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে। আধুনিক শিক্ষাব্যবস্থার উপযোগী পরিকাঠামো তৈরির পাশাপাশি স্কুলব্যাগের গুণগত মানও উন্নত করা হবে বলে জানানো হয়েছে। কন্যারত্ন দিবসে দেওয়া ঘোষণার প্রসঙ্গ তুলে বলা হয়েছে, বর্তমানে যে পড়ুয়ারা মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান, ২০২৭ সালে সেই অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, কলকাতায় ইসকনের মাধ্যমে পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার কর্মসূচির পরিধিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ৪৪ হাজার পড়ুয়ার কাছে এই খাবার পৌঁছচ্ছে। আগামী এক মাসের মধ্যে আরও বেশি পড়ুয়াকে এই পরিষেবার আওতায় এনে সংখ্যাটা ২ লক্ষ ৪০ হাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে হাওড়া জেলাকেও যুক্ত করার কথা জানানো হয়েছে। পাশাপাশি স্কুলের পোশাকের রং নির্ধারণের ক্ষেত্রেও স্কুলগুলিকে কিছুটা স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News