সাদিকুল খান, কলকাতাঃ সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর ঘিরে যখন তোলপাড় শুরু হয়েছে, ঠিক তখনই সামনে এল আরও উদ্বেগজনক তথ্য। জানা গিয়েছে, গত ৯ মাসে বিদেশে বিভিন্ন ধরনের নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন ১,৬৮৭ জন মহিলা। তাঁদের মধ্যে ৯৭৯ জনই সৌদি আরব থেকে ফিরেছেন। অভিযোগ, এই মহিলাদের অনেককেই বিদেশে থাকাকালীন জোর করে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি, কয়েকজনকে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগও উঠেছে।
মহিলাদের অন্তঃসত্তা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি?
পরিবারের খরচ সামলানো এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আশায় সাম্প্রতিক বছরগুলিতে গৃহকর্মী-সহ বিভিন্ন কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দিয়েছেন বাংলাদেশের বহু মহিলা। কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে তাঁদের অনেককেই যৌন নিপীড়ন, শারীরিক অত্যাচার ও নানা ধরনের শোষণের শিকার হতে হয়েছে। গত ৯ মাসে এমনই নানা সমস্যার মুখে পড়ে শত শত বাংলাদেশি মহিলা নিজের দেশে ফিরে এসেছেন। যে ঘটনা সত্যিই দৃষ্টিকটু।
বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছর পরিবারের খরচ চালানোর আশায় গৃহকর্মী হিসেবে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন শিলা বেগম নামে এক মহিলা। সেখানে এক সৌদি নাগরিকের বাড়িতে কাজ করতেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁকে বাংলাদেশে ফিরে আসতে হয়। দেশে ফেরার কারণ জানতে চাওয়া হলে শিলা বেগম জানান, সেখানে তাঁকে দিনরাত কাজ করানো হতো, ঠিকমতো খেতে দেওয়া হতো না এবং বাড়ির বাইরে বেরোনোরও অনুমতি ছিল না। এমনকি রান্নাঘরের মধ্যেই তাঁকে ঘুমাতে হতো। তাঁর কথায়, “ওরা মানুষ না। দিনরাত কাজ করায়। ঠিকমতো খেতেও দেয় না। বাড়ি থেকে বেরোতে দেয় না। রান্নাঘরের মধ্যে ঘুমোতে হয়। ওখানে জেলখানার মতো বন্দী জীবন কাটাতে হয়েছে।”
বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওপার বাংলায় সৌদি আরব থেকে ফিরেই একাধিক নারী সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁরা বলেছেন, সেখানে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করানো থেকে শুরু করে ঠিকমতো বেতন না দেওয়া, না খেয়ে দিন কাটানো, গালিগালাজ এমনকি দিনের পর দিন দুর্ব্যবহারও সহ্য করতে হয়েছে তাঁদের! সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরে আসা কয়েকজন মহিলা এও জানিয়েছেন, তাঁদের নিয়মিত যৌন নির্যাতন করা হতো। ওপার বাংলার অনেকেই সৌদি আরব থেকে অন্তঃসত্তা হয়ে ফিরেছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে রিয়াদের!
