সাদিকুল খান, কলকাতাঃ সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়। নদিয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে স্কুলের যোগাযোগ বাড়াতে বিশেষ একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। ‘পেরেন্ট অ্যাপ’ নামে এই অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা কখন স্কুলে ঢুকছে এবং কখন স্কুল থেকে বেরোচ্ছে, সেই তথ্য সরাসরি জানতে পারবেন তাঁদের অভিভাবকরা।
স্কুলে ঢুকলেই বাবা-মায়ের কাছে চলে যাবে নোটিফিকেশন
পড়ুয়াদের অভিভাবকদের কাছে লাইভ লোকেশন পাঠানোর আগে স্কুলে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এবং পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম। এই বিশেষ ব্যবস্থার আওতায় প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে একটি করে ডিজিটাল স্মার্ট আই-কার্ড। পড়ুয়ারা স্কুলে প্রবেশের সময় সেই আই-কার্ড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশন।
শুধু তাই নয়, ওই এক স্মার্ট আইকার্ডের মাধ্যমেই পড়ুয়ারা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য পৌঁছে যাবে অভিভাবকদের ফোনে। এর ফলে খুব সহজে বাড়িতে বসে বসেই অভিভাবকরা জানতে পেরে যাবেন তাঁদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে পৌঁছল কিনা। এমনকি ঠিক কোন সময়ে বিদ্যালয়ে ঢুকল এবং কোন সময়ে বিদ্যালয়ের থেকে বেরোলো সবটাই জানতে পারবেন তাঁরা।
পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে নদিয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই একটি অ্যাপের মাধ্যমেই পড়ুয়াদের বিভিন্ন প্রজেক্ট, হোমওয়ার্ক থেকে শুরু করে পঠন-পাঠন সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি অভিভাবকদের ফোনে পৌঁছে যাবে। শুধু তাই নয়, আগামী দিনে পড়ুয়াদের পিঠ থেকে ভারী স্কুলব্যাগের বোঝা কমিয়ে স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কীভাবে আরও সহজভাবে পড়াশোনা করানো যায়, সেই বিষয়টিও খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।
