সাদিকুল খান, কলকাতাঃ রেলের মতো গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থায় নিরাপত্তার সামান্য ত্রুটিও বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। এবার সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠল শিয়ালদহ স্টেশনে। কলকাতার অন্যতম ব্যস্ত এই স্টেশনে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, সময়মতো পদক্ষেপ করা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং বিপদের মুখে পড়তে পারতেন বহু যাত্রী।
লোকো পাইলটের কেবিনে উঠে পড়ল এক পাগল
লোকো পাইলটের কেবিনের দরজা খোলা থাকার সুযোগ নিয়ে এক ব্যক্তি ভিতরে ঢুকে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হচ্ছে। কেবিনে ঢুকে তিনি চালকের আসনে বসে বিভিন্ন সুইচ নিয়ে নাড়াচাড়া করেন এবং হর্নও বাজান। ট্রেনের লোকো পাইলটের কেবিনে থাকা সুইচ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অননুমোদিত ব্যক্তির প্রবেশ করে এভাবে যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করার ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
সম্প্রতি এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি সামনে আসার পর থেকেই লোকো পাইলটের কেবিনের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। কেবিনের দরজা সুরক্ষিত রাখা এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে রেলের নিরাপত্তা ব্যবস্থার উপর আরও নজর দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।
