শিয়ালদহ স্টেশনে এক যুবকের অস্বাভাবিক আচরণ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি পদাতিক এক্সপ্রেসের ছাদে উঠে চিৎকার করে বলতে থাকেন যে তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন এবং তাঁকে ফিরিয়ে দিতে হবে। এরপর তিনি ওভারহেড বৈদ্যুতিক তার ছুঁয়ে আত্মহত্যা করার হুমকিও দেন বলে জানা যায়। ঘটনায় স্টেশন চত্বরে ভিড় জমে যায় এবং কিছু সময়ের জন্য ট্রেন চলাচলেও প্রভাব পড়ে।
শিয়ালদহ স্টেশনে ট্রেনের ছাদে যুবক
মঙ্গলবার শিয়ালদহ স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস ঢোকার পর এক যুবক হঠাৎ ট্রেন থেকে নেমে সোজা ছাদে উঠে পড়েন। এই ঘটনায় উপস্থিত যাত্রীরা আতঙ্কিত হয়ে তাঁকে নিচে নামার অনুরোধ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৩০ বছর বয়সি ওই যুবক চিৎকার করে জানান যে তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন এবং তাঁকে ফিরিয়ে দিতে হবে। তিনি আরও হুমকি দেন, তা না হলে ওভারহেড বিদ্যুতের তার ছুঁয়ে আত্মহত্যা করবেন। যুবকের দাবি, প্রেমিকা চলে যাওয়ার পর বন্ধুরা তাঁকে নিয়ে হাসাহাসি করছে, সেই মানসিক কষ্ট থেকেই তিনি এমন চরম পদক্ষেপের কথা ভাবছেন।
যুবকের ঠিক মাথার উপরেই ছিল উচ্চ ভোল্টেজের ওভারহেড বৈদ্যুতিক তার, যা স্পর্শ করলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। ফলে ঘটনাটি দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং স্টেশনজুড়ে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল কর্তৃপক্ষ ও আরপিএফ (RPF)-এর জওয়ানরা। প্রথমে তাঁরা যুবককে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি বারবার জানান যে কারও কথা শুনবেন না, তাঁর বন্ধুদেরও চাই এবং প্রেমিকাকেও ফিরিয়ে দিতে হবে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে আরপিএফের জওয়ানরা ট্রেনের দুই দিক থেকে ছাদে উঠে তাঁকে নিরাপদে নামানোর চেষ্টা করেন। প্রায় ১৫ মিনিট ধরে টানটান উত্তেজনার পর অবশেষে এক জওয়ান যুবককে ধরে ফেলতে সক্ষম হন এবং নিরাপদে নিচে নামিয়ে আনেন।
ওই যুবকের ব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তিনি অসমের বাসিন্দা, তবে কলকাতায় তাঁর আত্মীয়রা থাকেন। রেলের তরফে তাঁদের তলব করে আনা হয়। পরিবারের লোকেরা জানান, ছেলেটির মানসিক অবস্থা বর্তমানে ভালো নেই। রেলের চিকিৎসককে দেখানোর পর ওই যুবককে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
