ফের গেরুয়া রং নিয়ে বিতর্কে শাহরুখ-দীপিকা! ছবির দৃশ্য মুছে ফেলার হুমকি বিজেপি নেতার

রঞ্জন মাহাতো, কলকাতাঃ ফের গেরুয়া রং ঘিরে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তাঁদের আসন্ন ছবি ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন বিতর্ক। গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের পোশাকে দেখা গিয়েছে দীপিকাকে। আর সেই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী। তাঁর দাবি, ছবির ওই দৃশ্য বাদ দিতে হবে। শুধু তাই নয়, দৃশ্যটি সরিয়ে না নেওয়া হলে শাহরুখ খানকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

- Advertisement -

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পরা নিয়েও বিতর্ক হয়েছিল। সেই পুরনো ঘটনার প্রসঙ্গ টেনেই এবার শাহরুখ খানকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শাহরুখ খানের ছবিতে বারবার গেরুয়া রং নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তাঁর অভিযোগ, শাহরুখরা দেশের মানুষের কাছ থেকে টাকা উপার্জন করেন, অথচ সেই দেশকেই অপমান করেন। পাশাপাশি দীপিকাকে এই বিতর্কে শুধুমাত্র একটি ‘ঘুঁটি’ বলেও মন্তব্য করেন নেগী।

এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী। তাঁর অভিযোগ, ছবির ওই দৃশ্যের মাধ্যমে সনাতন ধর্মের বিশ্বাস ও ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই ধরনের পোশাক পরে এভাবে নাচগান করা হয় না। পাশাপাশি তিন বছর আগে ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান ঘিরে তৈরি হওয়া বিতর্কের কথাও মনে করিয়ে দেন তিনি। নেগীর দাবি, সেই সময় দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদ জানিয়েছিল। এবারও একইভাবে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি বিধায়ক।

- Advertisement -


তবে এই ভিডিয়োয় দীপিকার গেরুয়া পোশাক নিয়ে নতুন করে কোনও বিতর্ক তৈরি হয়নি। গেরুয়া রঙের গাউনেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। বরং এই পোশাকে তাঁকে বেশ সুন্দর লাগছে বলেই মনে করছেন অনুরাগীদের একাংশ। রবীন্দ্র নেগীর বক্তব্যের সঙ্গেও সহমত পোষণ করেছেন অনেকে। তাঁদের মতে, “ওই গানে সনাতন ধর্ম বা গেরুয়া রঙের কোনও অসম্মান করা হয়নি। বিনোদনকে নিছক বিনোদন হিসাবেই দেখা উচিত।” উল্লেখ্য, শাহরুখ খানের জন্মদিনেই প্রকাশ্যে এসেছে ‘কিং’ ছবির গান ‘তু মিল জায়ে’। মুক্তির পর থেকেই অনুরাগীদের মুখে মুখে ফিরছে গানটি। গানটির পাশাপাশি নজর কেড়েছে তার ভিডিয়োও।

Ranjan Mahato
Ranjan Mahatohttps://jknews24.in
আমি রঞ্জন মাহাতো, একজন বিনোদন সংবাদ লেখক। সিনেমা, রাশিফল, টেলিভিশন, ওয়েব সিরিজ এবং তারকাদের লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। অনলাইন মিডিয়া জগতে আমার পথচলা শুরু ২০২৫ সালে। লেখালেখির পাশাপাশি নতুন ছবি, গান ও ওয়েব সিরিজ দেখা এবং সেগুলির রিভিউ করতে ভালোবাসি। অবসরে সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড অনুসরণ করি এবং পাঠকদের জন্য নতুন ও আকর্ষণীয় কনটেন্টের ভাবনা খুঁজে বের করি। মেল - Ranjanmahatok1@gmail.com
Breaking News