নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আলোর উৎসবে মাতবে বাংলা। নদিয়ার শান্তিপুরে রাস উৎসবের পাশাপাশি মহাসমারোহে পালিত হয় কালীপুজো (Shantipur Kali Puja)। প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমে। প্রতিমা নিরঞ্জন ঘিরেও থাকে বিশেষ আয়োজন। তবে উৎসবের আনন্দের মাঝে যাতে কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগাম সতর্ক হয়েছে প্রশাসন।
কালীপুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক
আসন্ন কালীপুজো ও বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শান্তিপুর থানার উদ্যোগে পুজো কমিটিগুলিকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শান্তিপুরের একাধিক কালীপুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুজো এবং বিসর্জনের সময় কোন কোন নিয়ম ও বিধিনিষেধ মেনে চলতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয় প্রশাসনের তরফে। পাশাপাশি জনপ্রতিনিধিরাও পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কে অবহিত করেন।
বিসর্জনের শোভাযাত্রা ও নিরাপত্তায় বাড়তি নজর
বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিচালনা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় কলকাতার চোরবাগান এলাকার একটি ঘটনাকে সামনে রেখে এবারের কালীপুজো ও বিসর্জন পর্বে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ও নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উৎসব নির্বিঘ্ন করতে পুজো কমিটিগুলিকে বার্তা
উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই বিষাদে পরিণত না হয়, সেই লক্ষ্যেই প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। বিসর্জনের সময় নির্ধারিত নিয়ম অনুসরণ করার পাশাপাশি শোভাযাত্রা ও যান চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার কথাও জানানো হয়েছে। এখন দেখার, প্রশাসনের এই আগাম প্রস্তুতি এবং পুজো কমিটিগুলির সহযোগিতায় শান্তিপুরে কালীপুজো ও প্রতিমা নিরঞ্জন কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
