জানারুল খান, কলকাতাঃ এবারের পুজোর আনন্দে শুরুতেই কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিতে সমস্যায় পড়েছিলেন পুজোপ্রেমীরা। তবে দ্বিতীয় সপ্তমী থেকেই আবহাওয়ার ছবিটা অনেকটাই বদলেছে। এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—দিনের বেলায় বেশিরভাগ জেলাতেই দেখা মিলছে রোদ ঝলমলে আকাশের। আগামীকাল বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা রয়েছে। তবে লক্ষ্মীপুজোর দিন কি আবার বৃষ্টিতে ভিজবে বাংলা? বৃষ্টির সম্ভাবনা কতটা, কী জানাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস?
আজকের আবহাওয়া
আজ মহানবমীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক ছিল আবহাওয়া। লক্ষ্মীপুজোর দিনও আবহাওয়া নিয়ে বড় কোনও সতর্কবার্তা নেই। আগামী সাত দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা ও আকাশের অবস্থায় কিছুটা পরিবর্তন হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক, আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বুধবার দশমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। নবমীর মতো দশমীতেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস রয়েছে। ফলে ছাতা বা রেনকোটের ঝক্কি ছাড়াই দশমীর বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন পুজোপ্রেমীরা। পাশাপাশি লক্ষ্মীপুজোর দিনও বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম বলে পূর্বাভাস। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল দশমীর দিন কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশে দেখা মিলতে পারে সাদা শরতের মেঘ। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে গুমোট ভাবও তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশে মাঝেমধ্যে মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা কম। তাই এই সময়ে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে আবহাওয়ার পূর্বাভাস দেখে বেরিয়ে পড়তে পারেন।
