বাংলার আলু চাষিদের জন্য সামনে এসেছে বড় খবর। রাজ্যের কৃষি ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হুগলির সিঙ্গুরকে আলু সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ‘করিডর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা সামনে এসেছে (Potato Farmers)। এর ফলে ভবিষ্যতে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আলু সরবরাহ আরও সহজ ও সংগঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাসে কম দাম, সংরক্ষণ সমস্যা এবং সময়ের আগেই আলু নষ্ট হয়ে যাওয়ার মতো একাধিক সমস্যায় চাষিরা চাপে ছিলেন। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার সংযোগ, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে চাষিদের লোকসান কমানো এবং উৎপাদনের সঠিক মূল্য নিশ্চিত করার আশা করা হচ্ছে।
আলুর হাব তৈরি হচ্ছে সিঙ্গুরে (Potato Farmers)
হুগলির সিঙ্গুরকে কেন্দ্র করে আলু শিল্প ও কৃষিভিত্তিক সরবরাহ ব্যবস্থায় বড় পরিকল্পনার কথা সামনে এসেছে। জাতীয় সড়ক, রেলপথ এবং রাজ্য সড়কের শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা থাকায় সিঙ্গুরকে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। কলকাতা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলকে ‘পট্যাটো করিডর’ (Potato Farmers) হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু সিঙ্গুর নয়, আশপাশের তারকেশ্বর, হরিপাল, পাণ্ডুয়া ও বলাগড়ের মতো কৃষিনির্ভর এলাকার চাষি ও ব্যবসায়ীরাও এর ফলে লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে।
খুশি চাষিরা
সর্বোপরি প্রশাসন যে এরকম চিন্তাভাবনা করছে, সেটা ভেবেই খুশি সকলে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিঙ্গুরের বিজেপি বিধায়ক ডঃ অরূপ দাস। তিনি বলেন, ‘আগামী দিনে সিঙ্গুর আলুর শিল্প হাব তৈরির পথে এগিয়ে যাবে।’ অবশ্য আলু চাষিদের দুর্দশা নতুন নয়, বহু পুরনো। আর এর জন্য প্রাক্তন সরকারকে তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। এমনকি ২০২৬-এর বিধানসভা ভোটে আলু চাষিদের দুর্দশার কথা তুলে ধরেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আলু চাষিদের দীর্ঘদিনের অন্যতম অভিযোগ ছিল, উৎপাদনে পরিশ্রম ও খরচ বেশি হলেও অনেক সময় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বাজারে চাহিদা কমে যাওয়া, সংরক্ষণ সমস্যা এবং বিক্রি না হওয়ায় আলু নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বহু কৃষককে। এমন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করেছেন বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। কয়েক মাস আগে বাজারে আলুর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেলেও, এখন উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তনের আশা করা হচ্ছে বলে খবর।
