Sanju Das, কলকাতাঃ Qualcomm নতুন Snapdragon Sound Elite Gen 2 Platform-এর ঘোষণা করেছে। অডিয়ো ওয়্যারেবল ডিভাইসের জন্য তৈরি এই নতুন প্ল্যাটফর্মে উন্নতমানের সাউন্ডের সঙ্গে অন-ডিভাইস AI এবং কম শক্তি খরচের কানেক্টিভিটি দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের ইয়ারবাড, হেডফোন, অডিয়ো গ্লাস এবং ক্যামেরা-যুক্ত ওয়্যারেবল ডিভাইসের জন্য এটি তৈরি করা হয়েছে। ফলে ব্যবহারকারীর কথা ও আশপাশের পরিস্থিতি বুঝে এই ডিভাইসগুলি রিয়েল টাইমে আরও দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে। নতুন এই প্ল্যাটফর্মে কী কী সুবিধা থাকছে, চলুন জেনে নেওয়া যাক।
Snapdragon Sound Elite Gen 2 focuses on AI-powered audio
নতুন এই প্ল্যাটফর্মে আগের প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ AI ক্ষমতা থাকছে। ফলে একই সময়ে একাধিক AI কাজ চালানো সম্ভব হবে। Qualcomm-এর দাবি, এতে বিদ্যুৎ খরচও প্রায় ৪০ শতাংশ কমবে এবং প্ল্যাটফর্মের আকার ৩০ শতাংশ ছোট হবে। এর ফলে নির্মাতারা তুলনামূলক ছোট আকারের ওয়্যারেবল তৈরি করতে পারবেন, আবার ব্যাটারি ব্যাকআপেও খুব বেশি প্রভাব পড়বে না।
Snapdragon Sound Elite Gen 2-এর অন্যতম বড় পরিবর্তন হল মাইক্রো-পাওয়ার Wi-Fi 6E যুক্ত হওয়া। এর সাহায্যে সমর্থিত ওয়্যারেবল ডিভাইসগুলি শুধুমাত্র স্মার্টফোনের উপর নির্ভর না করেই সরাসরি ক্লাউডের সঙ্গে কানেক্ট হতে পারবে। ফলে ওয়্যারেবল থেকেই AI অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য অনলাইন পরিষেবা ব্যবহার করা সম্ভব হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে নতুন ফিচার যোগ করাও আরও সহজ হবে।
তবে এই প্ল্যাটফর্মের ব্যবহার শুধু গান শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। Qualcomm-এর মতে, এর সাহায্যে রিয়েল-টাইম অনুবাদ, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা, ব্যক্তিগতকৃত হিয়ারিং এবং মাল্টিমোডাল AI-এর মতো ফিচারও বাস্তবায়ন করা যাবে। অর্থাৎ ক্যামেরা ও অন্যান্য সেন্সর থেকে পাওয়া তথ্যের সঙ্গে অডিয়ো ডেটা একসঙ্গে কাজে লাগিয়ে ওয়্যারেবল ডিভাইসগুলি ব্যবহারকারীর চারপাশের পরিস্থিতি বুঝে আরও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে।
