সিনেমার কাজ না করেই টাকা? সোহমকে ঘিরে নতুন অভিযোগ

-

ফের আর্থিক প্রতারণার অভিযোগে শিরোনামে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) । অভিযোগ, একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি ১ কোটি ৫ লক্ষ টাকা নিলেও শেষ পর্যন্ত সেই কাজ করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সোহমের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

আর্থিক প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে

দিনকয়েক আগেই চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সোহম ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু পরে শুটিংয়ে অংশ নেননি। তবে অভিযোগ ওঠার পর পাল্টা অবস্থান নেন সোহমও। অভিনেতার অভিযোগ, ওই প্রযোজকের পক্ষ থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

- Advertisement -

প্রাণনাশের হুমকি প্রযোজকের

অভিনেতা সোহম চক্রবর্তী অভিযোগ জানান যে, “২০১৮ সালে একটি ছবি করার কথা হয়েছিল৷ ইপি অমিতাভ মুখার্জি এবং পরিচালক মহুয়া চক্রবর্তী এসেছিলেন গল্পটি বলেন৷ আমার পছন্দ হওয়ায় আমি কাজ করব জানাই এবং মহুয়া তখন প্রযোজকের তরফে ১৫ লক্ষ টাকার একটা চেক আমাকে দিয়েছিলেন৷ কিন্তু ছবিটা আর হয়নি৷ হঠাৎ দু’দিন আগে প্রযোজক হুমকি দেন যে ১৫ লক্ষ টাকা ফেরত দিতে হবে৷ এবং আরও নানা অশালীন কথা বলেন।” আর এই আবহে ফের সোহমের বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল।

এর আগেও একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)। ২০২৪ সালে একটি রেস্তোরাঁয় শুটিং চলাকালীন বচসা ও হুজ্জতির অভিযোগ সামনে আসে তাঁর বিরুদ্ধে। অভিযোগ ছিল, ওই রেস্তোরাঁর মালিককে মারধর করা হয়েছে। পরে সেই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোহম দাবি করেছিলেন, হোটেল মালিক নাকি তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেছিলেন, যার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এখন দেখার, নতুন অভিযোগের মামলায় আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সোহম কীভাবে নিজের অবস্থান তুলে ধরেন।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News