রঞ্জন মাহাতো,কলকাতাঃ আমির খান (Aamir Khan) অভিনীত সুপারহিট ছবি ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটির কথা মনে আছে তো? পর্দায় যিনি ছিলেন অসাধারণ এক আবিষ্কারক। অনেকেই মনে করেন, বাস্তবের বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-এর জীবন থেকেই তৈরি হয়েছিল এই চরিত্র। কিন্তু সম্প্রতি আমির খান এক অনুষ্ঠানে দাবি করেন, ছবিটি তৈরির সময় তিনি সোনমকে চিনতেনই না। আর তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। এবার আমিরের সেই মন্তব্যেরই মোক্ষম এবং মজার জবাব দিলেন সোনম ওয়াংচুক নিজে।
আমির খানের ‘গজনি’ প্রসঙ্গ টেনে কী বললেন সোনম?
সম্প্রতি একটি পডকাস্টে এসে সোনম সোজাসুজি টেনে আনলেন আমিরের ‘গজনি’ সিনেমার কথা। সবাই জানেন, ওই ছবিতে আমিরের চরিত্রটির এমন একটি সমস্যা ছিল, যার কারণে ১৫ মিনিট পর পর সবকিছু ভুলে যেতেন তিনি। সেই প্রসঙ্গেই সোনম হাসতে হাসতে বলেন, অনেক ভিডিয়োতে দেখা গিয়েছে, আমির ‘গজনি’ ছবির পোশাকে বসে তাঁর ভাষণ শুনছেন। তাই মজা করে সোনমের মন্তব্য, হতে পারে চরিত্রের খাতিরে আমিরেরও ১৫ মিনিটের স্মৃতি হারানোর সমস্যা হয়েছিল! আর সেই কারণেই হয়তো ১৫ মিনিট পর তাঁকে বেমালুম ভুলে গিয়েছেন আমির। তাই এই ঘটনায় তিনি একটুও অবাক হননি।
আমিরের স্মৃতিশক্তি নিয়ে কেন মজা করলেন সোনম ওয়াংচুক?
সোনম আরও মনে করিয়ে দেন, আমির নিজের চরিত্রের গভীরে ডুবে যাওয়ার জন্য পরিচিত। তাঁর কথায়, ‘গজনি’ সিনেমায় আমির এতটাই চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন যে, যে অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সোনম পুরস্কার নিয়েছিলেন, সেই সাক্ষাতের কথাও হয়তো তাঁর মনে নেই। সোনম স্পষ্ট জানান, তাঁদের মধ্যে একাধিকবার সামনাসামনি বিস্তারিত কথা হয়েছিল এবং বিভিন্ন আইডিয়া নিয়েও আলোচনা হয়েছিল। তাঁর মতে, আমির হয়তো অবচেতন মনেই সেই আলোচনার কিছু ভাবনা ছবির চিত্রনাট্যে নিয়ে এসেছিলেন, যা ছবির লেখকরাও আলাদা করে বুঝতে পারেননি। তবে সোনম এটাও পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি কখনও বলেননি ‘থ্রি ইডিয়টস’ তাঁর জীবনী বা বায়োপিক। তাঁর বক্তব্য, ছবির চরিত্র তৈরির পেছনে তাঁর কাজ ও চিন্তাভাবনার অনুপ্রেরণা ছিল—এটাই মূল বিষয়।
আমির খানের মন্তব্যের পর নেটপাড়ায় কেন চর্চা?
এর ঠিক আগেই লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের মঞ্চে অবশ্য অন্য কথা বলেছিলেন আমির। তিনি দাবি করেন, ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে সোনম ওয়াংচুকের সম্পর্ক নিয়ে যে আলোচনা রয়েছে, তা আসলে ভুল ধারণা। ছবিতে ‘চতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যের একটি ভিডিয়ো প্রসঙ্গে আমির বলেন, ‘চতুর’ যা বলছেন, তা ঠিক নয়। তাঁর দাবি, আমির নিজে, পরিচালক রাজকুমার হিরানি কিংবা ছবির লেখক অভিজাত জোশী—তখন তাঁদের কেউই সোনম ওয়াংচুককে চিনতেন না। তবে সোনম যে ভালো কাজ করছেন, তা অবশ্য মেনে নেন আমির। কিন্তু আমিরের এই দাবি মানতে নারাজ সোনম। তাঁর রসিকতা মেশানো চাঁচাছোলা মন্তব্যের পর নেটপাড়ায় এখন জোর চর্চা—আমির কি সত্যিই সব ভুলে গিয়েছেন, নাকি সত্যিটা আড়াল করছেন?
