সাদিকুল খান, কলকাতাঃ এর আগে দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। প্রথম থেকেই ককরোচ জনতা পার্টিকে সমর্থনের কথা জানিয়েছিলেন তিনি। এবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা এবং একাধিক সিজেপি নেতার গ্রেফতারির ঘটনায় ফের সরব হলেন এই শিক্ষাবিদ। গ্রেফতার হওয়া নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আবারও অনশনে বসার ঘোষণা করেছেন তিনি।
অনশনে বসছেন সোনম ওয়াংচুক
আজ দিল্লিতে বিক্ষোভ শুরু হওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠী, ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে, আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতারের খবর সামনে আসে। এরপর বিক্ষোভ চলাকালীন বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও নেহা বোরা ও মীনাক্ষী মুখোপাধ্যায়কেও প্রিজন ভ্যানে তোলা হয় বলে দাবি করা হয়েছে।
এই গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোনম ওয়াংচুক জানিয়েছেন, আগামীকালের মধ্যে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে তিনি অনশন বা পদযাত্রার কথা বিবেচনা করবেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি বিবৃতিতে তিনি জানান, বিক্ষোভের একদিন আগে তিনি সকলকে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান ওয়াংচুক। আন্দোলনের নেতৃত্ব দিতে একাধিক নেতা এগিয়ে আসায় তিনি খুশি হয়েছিলেন, কিন্তু পরে তাঁদের গ্রেফতারের খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোনম ওয়াংচুক জানিয়েছেন, আগামীকালের মধ্যে আটক নেতাদের মুক্তি না দেওয়া হলে তাঁকে অনশন ধর্মঘট বা পদযাত্রার পথে হাঁটার কথা ভাবতে হবে। ফলে দিল্লির যন্তরমন্তরে তাঁর আগের অনশনের স্মৃতি আবারও ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির নির্ধারিত বিক্ষোভকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। বিক্ষোভ চলাকালীন একাধিক নেতা-নেত্রীকে আটক করার ঘটনা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
