নিজস্ব প্রতিবেদন, সোনারপুরঃ সোনারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি স্কুলগাড়িতে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে গেল ৭০৯ লরি। দুর্ঘটনার সময় স্কুলগাড়িতে ছিল ১৭ জন পড়ুয়া। তবে সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে প্রত্যেকেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর থানার খিরিশতলা এলাকায়, সাউথ কলকাতা স্কুলের সামনে।
স্কুলগাড়িতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেল লরি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুরের দিক থেকে সোনারপুরের দিকে দ্রুতগতিতে আসছিল WB 19F 4387 নম্বরের একটি ৭০৯ লরি। সেই সময় ১৭ জন পড়ুয়াকে নিয়ে সোনারপুরের দিক থেকে আসছিল একটি স্কুলগাড়ি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরিটি স্কুলগাড়ির পিছনের পাশের অংশে সজোরে ধাক্কা মারে। এরপর লরির একটি চাকা ফেটে যায় বলে জানা গিয়েছে। চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের নয়ানজুলিতে পাল্টি খেয়ে উল্টে যায় লরিটি।
অল্পের জন্য রক্ষা ১৭ পড়ুয়ার, তদন্তে পুলিশ
দুর্ঘটনার সময় স্কুলগাড়িতে ১৭ জন শিশু থাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলগাড়ির চালকের দাবি, অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সমস্ত পড়ুয়া। অন্যদিকে, লরির চালক সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
লরির বৈধ কাগজপত্র নিয়ে উঠছে প্রশ্ন
দুর্ঘটনার পর লরিটির বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র না থাকলে কীভাবে গাড়িটি রাস্তায় চলাচল করছিল? যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার তদন্তের পাশাপাশি লরিটির সমস্ত নথিপত্রও পরীক্ষা করা হোক। কারণ, এই দুর্ঘটনায় ১৭ জন স্কুল পড়ুয়ার জীবন বড়সড় বিপদের মুখে পড়তে পারত। তাই স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তায় চলাচলকারী গাড়িগুলির উপর প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
