জানারুল খান, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাংলার আকাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কোথাও কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ, আবার কোথাও বইছে ফুরফুরে হাওয়া। তবে তার সঙ্গে রয়েছে গুমোট ও ভ্যাপসা গরমের অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উত্তরাংশে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। আজও বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিকেলে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে মেঘ-রোদের লুকোচুরি চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতি বদলাতে পারে। নতুন নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ায় উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার প্রভাবও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? এই তথ্য জমা দিলেই মিলতে পারে ৩ হাজার টাকা
এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলি ও মুর্শিদাবাদে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়াতেও আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও মালদাতেও বৃষ্টি চলতে পারে। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তরবঙ্গের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
