সাবধান হয়ে যান, কারণ নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বাংলায় আরও শক্তিশালী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বেশ কিছু জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দফতর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সর্তকতা। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। সেই সঙ্গে ভারী বৃষ্টির দাপট থাকবে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টির দাপট থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারও বাংলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওড়া, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে, আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। সাম্প্রতিক আবহাওয়া বুলেটিনেও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
