জানারুল খান, কলকাতাঃ বর্ষা বিদায়ের সময় এসে গেলেও বাংলায় বৃষ্টি আর বজ্রপাতের দাপট এখনও কমেনি। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। আজ সোমবারও সারাদিন বাংলার আকাশ মোটের ওপর মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের জারি করা বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, উত্তর বিদর্ভ ও সংলগ্ন মধ্যপ্রদেশের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর গুজরাটের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এছাড়াও, গড় সমুদ্রপৃষ্ঠের উপর থাকা মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জয়সলমের, কোটা, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর বিদর্ভের নিম্নচাপের কেন্দ্র, রাজনন্দগাঁও এবং ভবানীপট্টনা হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি মালদা, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলতে পারে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে। আপাতত দুই বঙ্গেই দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের কলকাতা-সহ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
