জানারুল খান, কলকাতাঃ রাত পোহালেই মহালয়া, অথচ এখনও বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার কোনও লক্ষণ নেই। বরং শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Today)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার দিন ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে শুরু করলেও বাংলা থেকে কবে বর্ষা বিদায় নেবে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আজ সারাদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা জেনে নিন বিস্তারিত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। অন্যদিকে, উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সাতটি জেলাতেই শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
শনিবার অর্থাৎ সপ্তাহান্তের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিনও প্রতিটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
