দফায় দফায় ঝড়-বৃষ্টির জেরে অবশেষে স্বস্তি ফিরেছে বাংলায়। গত কয়েক সপ্তাহের ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে এখন আবহাওয়ার ছবিটা অনেকটাই বদলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় সকাল-বিকেল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলছে। আজ শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আজ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া (Weather Today)
শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গেরও দু’-একটি এলাকায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বাংলা ও ওড়িশা উপকূলে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
