বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তবে গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ফের আবহাওয়ার চরিত্রে পরিবর্তন আসতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার পাশাপাশি আগামীকালও কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ বিকেলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিকেলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা
গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। যদিও বর্তমানে নিম্নচাপের প্রভাব আর তেমন নেই, তবুও আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে দিনের দ্বিতীয়ার্ধে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। এবার একনজরে দেখে নেওয়া যাক, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কেমন থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। অর্থাৎ বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার জেরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাই বেশি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনে উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কিছু পাহাড়ি এলাকায় সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত অতিরিক্ত বৃষ্টির জেরে নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
