জানারুল খান, কলকাতাঃ বর্ষাকাল শেষের দিকে এলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দাপট কমেনি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে (Weather Tomorrow)। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির জেরে আগামীকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। ফলে আগামীকালও রাজ্যজুড়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)
শনিবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এখনও কমেনি। আজ সকাল থেকেই শহরের কোথাও রোদ, আবার কোথাও বৃষ্টির ছবি দেখা যাচ্ছে। আগামীকালও কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যদিও মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। তবে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা খুব বেশি সময় স্থায়ী হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ও সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল, রবিবার। তবে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টির রেশ বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
