কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, বুধবার কেমন থাকবে আবহাওয়া?

জানারুল খান, কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ব্যাপক প্রভাব পড়েছে। মধ্যরাতে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। তবে ঝড়ের দাপট থাকলেও এখনও পর্যন্ত রাজ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

আজকের আবহাওয়া

আজ, মঙ্গলবার, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল। তবে এইমুহুর্তে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সামান্য ভ্যাপসা গরম অনুভূত হবে আগামী কয়েকদিন। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল থেকেই আকাশে আংশিক মেঘের দেখা মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

- Advertisement -

কলকাতায় আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা ছিল। তবে আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও নেই। অন্যদিকে, রাতের দিকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রার পারদ। ফলে আবহাওয়ার উন্নতির পাশাপাশি বাংলার বিভিন্ন জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। আজ উত্তরবঙ্গের উপরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু নীচের দিকের জেলাগুলোতে আবহাওয়া শুকনো থাকবে। শুধু তাই নয়, তাপমাত্রার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন দেখা যাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। এবং উঁচু পার্বত্য এলাকায় ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News