কুসুম দাস, কলকাতা: স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই মাটন এড়িয়ে চলেন। সেক্ষেত্রে স্বাদ ও প্রোটিন—দুইয়েরই ভালো উৎস হতে পারে চিকেন। মুরগির পাতলা ঝোল থেকে কষা মাংস, রবিবারের দুপুরের মেনু হোক বা বিয়েবাড়ির আয়োজন—চিকেন সবসময়ই জনপ্রিয়। তবে একই ধরনের চিকেনের পদ বারবার খেতে একঘেয়ে লাগতেই পারে। তাই স্বাদে একটু বদল আনতে এবার পরিচিত রান্নার বাইরে অন্যরকম কোনও চিকেনের রেসিপি ট্রাই করে দেখতে পারেন।
চেখে দেখুন ভিন্ন স্বাদের মুরগির রেসিপি
খাঁটি বাঙালি মুরগির ঝোল বা কষা মাংসের বদলে যদি একটু অন্যরকম স্বাদ চেখে দেখতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন চিকেন ঘি রোস্ট। কর্ণাটকের জনপ্রিয় এই পদটি সুগন্ধি মশলা ও ঘিয়ের দারুণ মিশেলে তৈরি হয়। রান্নার পদ্ধতিও খুব একটা কঠিন নয়, তাই বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু চিকেনের পদ। দেখে নিন কীভাবে তৈরি করবেন চিকেন ঘি রোস্ট।
চিকেন ঘি রোস্ট রেসিপির উপকরণ
- মুরগির মাংস – ৫০০ গ্রাম
- ব্যাড়গি শুকনো লঙ্কা – ৮-১০টি
- গোটা ধনে – ২ টেবিল চামচ
- গোটা জিরে – ১ চা চামচ
- গোলমরিচ – ১ চা চামচ
- মেথি দানা – আধ চা চামচ
- টক দই – আধ কাপ
- ঘি – ৪ টেবিল চামচ
- গুড় – ১ টেবিল চামচ
- কারি পাতা – প্রয়োজনমতো
- নুন – স্বাদমতো
চিকেন ঘি রোস্ট প্রণালী
প্রথমে ব্যাড়গি শুকনো লঙ্কাগুলি ১৫ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর ধনে, জিরে, মেথি দানা, গোলমরিচ এবং ভেজানো লঙ্কা একসঙ্গে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। অন্যদিকে মুরগির মাংসের সঙ্গে টক দই ও নুন ভালোভাবে মিশিয়ে প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে ঘি গরম করে বেটে রাখা মশলা দিয়ে হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে মাঝেমধ্যে নেড়ে রান্না করতে থাকুন। মাংস ভালোভাবে সেদ্ধ ও নরম হয়ে এলে গুড় দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। প্রয়োজন হলে স্বাদমতো নুন যোগ করুন। রান্না শেষ করার আগে উপর থেকে সামান্য ঘি ও কারিপাতা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন ঘি রোস্ট।
