শ্রাবণ মাসে সোমবারের উপোস বা নিরামিষ দিনের জন্য এমন খাবারই বেশি পছন্দ করা হয়, যা সুস্বাদু হওয়ার পাশাপাশি শরীরের শক্তিও ধরে রাখে। এই সময়ে শুকনো ফলের লাড্ডু হতে পারে দারুণ একটি বিকল্প। সাধারণ মিষ্টির মতো চিনি ব্যবহার না করে খেজুর, বাদাম, কাজু, কিশমিশের মতো শুকনো ফল দিয়েই তৈরি করা যায় এই লাড্ডু। এতে মিষ্টি স্বাদও পাওয়া যায়, আবার ডায়েট নিয়েও বেশি চিন্তা করতে হয় না। শুকনো ফলের পুষ্টিগুণ শরীরকে চাঙ্গা রাখে এবং উপোসের সময় প্রয়োজনীয় শক্তি জোগায়। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর লাড্ডু। শিখে নিন তৈরির সহজ পদ্ধতি।
শুকনো ফলের লাড্ডু বানানোর উপকরণ:
- কুচোনো আমন্ড (বাদাম) – ¼ কাপ
- কুচোনো কাজু – ¼ কাপ
- কুচোনো পেস্তা – ¼ কাপ
- কোরানো নারকেল – ¼ কাপ
- ঘি – ২ টেবিলচামচ
- এলাচ গুঁড়ো – এক চিমটে
আরও পড়ুন: মোচা মেশানো কষা মাংস! বাঙালির কাছে অদ্ভুত হলেও স্বাদে দুর্দান্ত এই রান্না
শুকনো ফলের লাড্ডু তৈরির সহজ প্রণালী:
প্রথমে আমন্ড, কাজু ও পেস্তা কুচিয়ে নিন। এরপর সব শুকনো ফল একসঙ্গে শুকনো কড়াইয়ে দিয়ে হালকা আঁচে ভেজে নিন। নাড়াচাড়া করতে থাকুন, যতক্ষণ না এগুলিতে হালকা সোনালি রং আসে। ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।
এরপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে কোরানো নারকেল দিয়ে হালকা ভেজে নিন। অন্যদিকে, ভাজা শুকনো ফল ও এলাচ গুঁড়ো মিক্সারে দিয়ে একটু গুঁড়ো করে নিন। তবে একেবারে মিহি করে ফেলবেন না, তাহলে লাড্ডু বাঁধতে সমস্যা হতে পারে।
এবার ভাজা নারকেলের সঙ্গে শুকনো ফলের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। হাতে সামান্য ঘি মেখে মিশ্রণটি নিয়ে ছোট ছোট গোল আকারের লাড্ডু তৈরি করুন। ঘি লাগানো থাকলে হাতের তালুতে মিশ্রণ আটকে যাবে না এবং লাড্ডু বানানো সহজ হবে।
সবশেষে লাড্ডুর উপর একটি করে শুকনো ফল চেপে সাজিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু শুকনো ফলের লাড্ডু। শ্রাবণ মাসের উপোসের দিনে এটি যেমন খেতে পারেন, তেমনই শরীরচর্চার পরে, বিকেলের হালকা খিদে মেটাতে বা উৎসবের সময় স্বাস্থ্যকর মিষ্টি হিসেবেও উপভোগ করা যায়।
