Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ভিসা ফি ছাড়াই শ্রীলঙ্কা যেতে পারবেন ভারতীয়রা, নতুন নিয়ম জারি

ভিসা ফি ছাড়াই শ্রীলঙ্কা যেতে পারবেন ভারতীয়রা, নতুন নিয়ম জারি

-

শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে ভারতীয় পর্যটকদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার থেকে কোনও অতিরিক্ত ভিসা ফি ছাড়াই এই সুন্দর দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করা আরও সহজ হতে চলেছে (Sri Lanka Free Travel)। আজ অর্থাৎ ২৫ মে থেকে ভারত-সহ বিশ্বের মোট ৪০টি দেশের পর্যটকদের জন্য ৩০ দিনের সম্পূর্ণ বিনামূল্যের Electronic Travel Authorisation (ETA) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রকের মতে, এই নতুন সিদ্ধান্তে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও সাশ্রয়ী হবে। একদিকে যেমন ভ্রমণ খরচ কমবে, তেমনই ভিসা সংক্রান্ত কিছু প্রশাসনিক জটিলতাও কমার সম্ভাবনা রয়েছে। আগে SAARCভুক্ত দেশের নাগরিকদের ৩০ দিনের ডাবল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য প্রায় ২০ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬০০ টাকা খরচ করতে হতো। অন্যদিকে অন্যান্য দেশের পর্যটকদের এই ভিসার জন্য প্রায় ৫০ মার্কিন ডলার পর্যন্ত ফি দিতে হতো। নতুন নিয়মে সেই ফি সম্পূর্ণ মুকুব।

- Advertisement -

কোন ৪০টি দেশ পড়ছে তালিকায়? (Sri Lanka Free Travel)

প্রসঙ্গত, ভারত ছাড়া শ্রীলঙ্কার এই নিখরচায় ভ্রমণের তালিকায় মোট ৩৯টি দেশ রয়েছে। আর সেই দেশগুলি হল নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, চিন, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইসরায়েল, ইতালি, কাজাখস্তান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি মালদ্বীপ, সেশেলস এবং সিঙ্গাপুরের সাথে এমনিতেই শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। তাই এই দেশগুলির নাগরিকদের ভ্রমণের আগে থেকেই অনলাইনে ইটিএ নিতে হবে। তারাও এই ফি মুকুবের সুবিধা পাবে।

যদিও বিনামূল্যের এই নতুন ভিসা নীতি পর্যটকদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে, তবুও শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্ট করে দিয়েছে। প্রথমত, যোগ্য দেশগুলির পর্যটকরা এই সুবিধায় ৩০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন এবং এই মেয়াদের মধ্যে সর্বোচ্চ দু’বার শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন। দ্বিতীয়ত, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মালদ্বীপের নাগরিকরা এই ব্যবস্থার আওতায় ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন। তৃতীয়ত, কেউ যদি ৩০ দিনের বেশি থাকতে চান, তাহলে নির্ধারিত ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যাবে। এছাড়া ২৫ মে-র আগে যাঁরা ইতিমধ্যেই ETA ফি জমা দিয়েছেন, তাঁদের সেই অর্থ ফেরত দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এই নতুন সিদ্ধান্তে ভারতীয় পর্যটকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ যে আরও সহজ হয়ে গেল, তা বলাই যায়। আগে ভিসা অন অ্যারাইভাল বা ETA প্রক্রিয়ায় বিমানবন্দরে গিয়ে কিছু অতিরিক্ত আনুষ্ঠানিকতা সামলাতে হতো, তবে এখন অনলাইনে আগেভাগেই বিনামূল্যে ETA সম্পন্ন করার সুযোগ থাকায় পুরো প্রক্রিয়াটি অনেক বেশি সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে। ফলে ভারতীয় পর্যটকরা বাড়ি থেকেই আবেদন করে শ্রীলঙ্কায় পৌঁছে তুলনামূলক কম ঝামেলায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করবে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -