শান্তিপূর্ণ প্রতিবাদ অপরাধ নয়, SSC মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের

সাদিকুল খান, কলকাতাঃ করোনা মহামারীর সময় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করার জেরে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) ছয় চাকরিপ্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, শনিবার বিচারপতি অনুজ সিংয়ের পর্যবেক্ষণ, শাসকপক্ষের কাছে কোনও আন্দোলন অপছন্দের হলেও শুধুমাত্র সেই কারণে শান্তিপূর্ণ বিক্ষোভকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আদালতের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট ছয় চাকরিপ্রার্থী আইনি স্বস্তি পেলেন।

- Advertisement -

কোন সূত্রে এই মামলা?

২০২১ সালের ৫ আগস্ট এসএসসি চাকরিপ্রার্থীরা নিয়োগ-নীতির প্রতিবাদে সল্টলেকের ময়ূখ ভবন সংলগ্ন এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং বিকাশভবনের দিকে এগিয়ে যান। সেই সময় এক পুলিশ সাব-ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল, আন্দোলনকারীরা করোনা বিধি ও ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা অবরোধ করেন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেন। এই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাঁদের মধ্যে তৃণা হালদার-সহ ছয়জন এসএসসি চাকরিপ্রার্থী ছিলেন।

তাঁদের পক্ষ থেকে আদালতে জানানো হয়, তাঁরা সংবিধানের ১৯(১)(এ) এবং ১৯(১)(বি) ধারা অনুযায়ী তাঁদের বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ জমায়েত হওয়ার মৌলিক অধিকার প্রয়োগ করেছিলেন। সেই মামলার ভিত্তিতে আদালত এফআইআর এবং এর সঙ্গে যুক্ত সমস্ত আইনি প্রক্রিয়া খারিজের নির্দেশ দেয়। শনিবার এই মামলার শুনানিতে আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে। হাইকোর্ট জানিয়েছে, সংবিধানের ১৯(১)(বি) ধারা নাগরিকদের শান্তিপূর্ণভাবে জমায়েত করার অধিকার দিয়েছে। তাই বিক্ষোভকারীদের যে কোনও বড় জমায়েতকে অসাংবিধানিক বলা যায় না।

- Advertisement -

আদালত সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উল্লেখ করে জানিয়েছে, সরকারের সমালোচনা করা এবং আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। কোনও আন্দোলন কর্তৃপক্ষের অপছন্দের হলেও শুধুমাত্র সেই কারণে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। পাশাপাশি, ভারতীয় দণ্ডবিধির ১৪১ ও ১৪৩ ধারায় জমায়েতকে বেআইনি প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য এফআইআরে ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ১৪৪ ধারার নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন নথিতে না থাকা, রাস্তা অবরোধের নির্দিষ্ট তথ্যের অভাব এবং কোভিড বিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনের প্রয়োগে ঘাটতির বিষয়গুলিও বিবেচনা করা হয়।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News