তামান্না খান, কলকাতাঃ পূর্বঘোষণা মতোই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘সারথি’ প্রকল্প। হাওড়ার ব্যাঁটরার একটি স্কুলে পড়ুয়াদের সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলশিক্ষা ও পড়ুয়াদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে পড়ুয়াদের মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন কেনার জন্য দেওয়া সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
মোবাইল ফোন কেনার জন্য আর মিলবে না সরকারি সাহায্য?
হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে একাধিক পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন কেনার জন্য দেওয়া সরকারি আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। তাঁর কথায়, আগের সরকারের আমলে চালু হওয়া এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা মোবাইল ফোন কেনার জন্য এককালীন ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন। তবে সরাসরি মোবাইল কেনার জন্য টাকা দেওয়ার পরিবর্তে পড়ুয়াদের জন্য অন্য কোনও খাতে আরও বেশি অর্থ খরচ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী হাওড়ার মঞ্চ থেকে জানান, স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তিনি উদ্বিগ্ন। তাঁর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে পড়ুয়াদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। ২০২২ সাল থেকে রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্টফোন কেনার জন্য এককালীন আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে পড়াশোনার স্বার্থে স্কুল পড়ুয়াদের যতটা সম্ভব মোবাইল ফোন থেকে দূরে রাখাই ভালো বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে স্কুলশিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, প্রয়োজনে শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহারের জন্য ট্যাব কেনায় আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে। তবে পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি তৈরি হওয়া আটকানো প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও শুভেন্দু অধিকারীকে স্কুল পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে আপত্তি তুলতে দেখা গেছে। ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অত্যধিক মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। গুজরাটে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে, যা তিনি সমর্থন করেন। বাবা-মা ঘুমিয়ে পড়ার পরেও ছাত্রছাত্রীরা জেগে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে মুখ গুঁজে থাকে। এটা কোনোভাবেই কাম্য নয় বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। তাই এখন স্কুলের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন কেনার জন্য আর সরকারি সাহায্য পাবে কিনা বা কতদিন এই প্রকল্প চালু থাকবে, তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
