নিজস্ব প্রতিবেদন, দক্ষিণ ২৪ পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনার তাড়দহে বিজেপি নেতা সুজন প্রামাণিকের গ্রেফতারিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। তাঁর মুক্তির দাবিতে এবার পথে নামলেন এলাকার মহিলারা। সোনারপুর থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, সুজন প্রামাণিককে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কী অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ঘটনার সঠিক তদন্ত না করেই এই পদক্ষেপ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
সুজনের গ্রেফতারি নিয়ে সরব এলাকার মহিলারা
বিক্ষোভকারী মহিলাদের দাবি, সুজন প্রামাণিক দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে তাঁকে সাধারণ মানুষের পাশে থাকতে দেখেছেন তাঁরা। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে মহিলাদের পাশে দাঁড়ানো, সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা ছিল বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁদের আরও বক্তব্য, রাজনৈতিক পরিচয় থাকলেও সুজন এখনও নিজের মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত। তাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।
নিরপেক্ষ তদন্তের দাবি, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও
যে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে, তাঁকেও সামনে এনে ঘটনার প্রকৃত সত্য প্রকাশের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত হোক। তবে তদন্তের আগেই কাউকে দোষী বলে ধরে নেওয়া ঠিক নয়। বিক্ষোভকারী মহিলাদের একাংশের আবার দাবি, এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে সুজনের গ্রেফতারির পর দলের একাধিক নেতার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। কেন তাঁরা প্রকাশ্যে কিছু বলছেন না, দলের অন্দরে কোনও মতবিরোধ রয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে সুজন প্রামাণিকের গ্রেফতারিকে কেন্দ্র করে তাড়দহের রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট আলোচনায়। তবে গোটা ঘটনার প্রকৃত সত্য সামনে আসতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।
